টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বিপদে পড়েছিল ইংল্যান্ড। সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন সেটা কাটিয়ে ওঠে তারা জস বাটলারের ব্যাটে, তাকে উপযুক্ত সঙ্গ দেন বেন স্টোকস ও স্যাম কারান। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাদের লিড ২৩৩ রানের, হাতে আছে ২ উইকেট। ৮ উইকেটে ২৬০ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
বিনা উইকেটে ৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। ৩৩ রানের মধ্যেই অ্যালিস্টার কুক (১২) ও মঈন আলীর (৯) বিদায়। কিটন জেনিংসকে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামলে নেন জো রুট। কিন্তু আবারও ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কায় পড়ে স্বাগতিকরা।
৩২তম ওভারের শেষ দুই বলে মোহাম্মদ সামি দুটি উইকেট নেন। ৩৬ রানে ফেরান তিনি জেনিংসকে, আর রানের খাতা না খুলে বিদায় নেন জনি বেয়ারস্টো। ৯২ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
বেন স্টোকসকে সঙ্গে করে আবার প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন রুট। কিন্তু ৩০ রানের জুটি গড়ে ইংলিশ অধিনায়ক ২ রানের আক্ষেপ নিয়ে সামির ছোড়া বলে রান আউট হন। তিনি ৪৮ রানে ফিরে গেলে ভারত উল্লাসে মেতেছিল দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে।
কিন্তু দাঁড়িয়ে যান স্টোকস ও বাটলার। ৫৬ রানের ধীর জুটি গড়েন তারা। ১১০ বলে ৩০ রান করে স্টোকস ক্যাচ তুলে দেন আজিঙ্কা রাহানেকে। এই জুটি ভেঙে রবিচন্দ্রন অশ্বিন ভারতের স্বস্তি ফেরালেও বাটলারের ব্যাটে লিডটা বাড়িয়ে নিতে থাকে ইংল্যান্ড। অবশ্য দিনের শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি। স্যাম কারানের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাটলার। ১২২ বলে ৭ চারে ৬৯ রানের সেরা ইনিংস খেলে ইশান্ত শর্মার শিকার হন তিনি।
কারানের সঙ্গে ২৭ রানের জুটি গড়ে আদিল রশিদ আউট হতেই দিনের শেষ ঘোষণা করা হয়। ৩৭ রানে অপরাজিত আছেন কারান।
৩ উইকেট নিয়ে সামি দিনের সেরা বোলার। ইশান্ত নেন ২ উইকেট। ক্রিকইনফো








