জমকালো আয়োজনে শুরু হলো এ বছরের স্টেপ-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) আয়োজনে ও স্টেপ ফুটওয়্যারের পৃষ্ঠপোষকতায় সংবাদকর্মীদের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: মুজিবুল হক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আউটার মাঠে শনিবার সকাল সাড়ে ১০টায় মিডিয়া কাপ ক্রিকেটের বর্ণাঢ্য উদ্বোধনীতে রেলপথমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, বিএসজেসির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক সাকির রুবেনসহ বিএসজেসির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
শনিবার প্রথম দিন হয়েছে ৬টি ম্যাচ। জিতেছে চ্যানেল আই, কালের কণ্ঠ, ডেইলি স্টার, এসএ টিভি, বাংলাদেশ প্রতিদিন ও মানবজমিন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আউটার মাঠে প্রথম ম্যাচে চ্যানেল আই ২ উইকেটে জাগো নিউজকে হারায়। এছাড়া বিডি নিউজের বিপক্ষে ১ উইকেটে কালের কণ্ঠ ও ডেইলি স্টার ২৩ রানে জেতে এটিএন নিউজের বিপক্ষে। এসএ টিভি ৬ উইকেটে হারায় বৈশাখী টিভিকে। বাংলাদেশ প্রতিদিন ২ উইকেটে নিউ নেশনকে এবং মানবজমিন ৬৬ রানে হারায় বাংলা ভিশনকে।
রবিবার টুর্নামেন্টের কোনও খেলা নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের আগামী আসরের নিলামের কারণে এদিন কোনও খেলা রাখা হয়নি। সোমবার থেকে আবারও দলগুলোর ম্যাচ শুরু হবে। আসরের ফাইনাল ২ নভেম্বর।
টুর্নামেন্টে খেলবে বাংলা ট্রিবিউন। ‘জি’ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ আমাদের সময় ও নিউজটোয়েন্টিফোর টিভি। আগামী সোমাবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলা ট্রিবিউন মুখোমুখি হবে আমাদের সময়ের এবং দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার নিউজটোয়েন্টিফোর টিভির বিপক্ষে।







