রোহিত-রাইডুর সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ২২:১১আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:১১

রোহিত খেলেছেন ১৬২ রানের ইনিংস অবশেষে থামলেন বিরাট কোহলি। টানা তিন সেঞ্চুরির করা ভারতীয় অধিনায়ককে দ্রুত ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য লাভ হলো না। মুম্বাইয়ের চতুর্থ ওয়ানডেতে জ্বলে উঠলেন রোহিত শর্মা ও আম্বাতি রাইডু। এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়েছে ভারত। ২২৪ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।

মাঠে নামলেই সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের তিন ওয়ানডেতে কোহলির পরিসংখ্যান এমনই। সিরিজের চতুর্থ ওয়ানডেতে তিনি আউট হলেন মাত্র ১৬ রানে। দায়িত্বটা তাই এবার নিজের কাঁধে তুলে নিলেন রোহিত। দুই ম্যাচ খারাপ কাটিয়ে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে খেললেন ১৬২ রানের অসাধারণ ইনিংস। তার সঙ্গে রাইডু শতক পূর্ণ করলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত করে ৩৭৭ রান। কঠিন এই লক্ষ্যে খেই হারানো ওয়েস্ট ইন্ডিজ ৩৬.২ ওভারে অলআউট ১৫৩ রানে।

যাতে ভারত পায় ২২৪ রানের বিশাল জয়। ওয়ানডে ক্রিকেটে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড, বিপরীতে রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ হারের লজ্জা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত উদ্বোধনী জুটি থেকে পায় ৭১ রান। শিখর ধাওয়ান ৩৮ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। টানা চতুর্থ সেঞ্চুরির লক্ষ্যে মাঠে নামা কোহলি এবার আর পারেননি। ১৭ বলে ১৬ রান করার পর তাকে ফিরিয়ে দেন কেমার রোচ। ভারতীয় সমর্থকদের হতাশা অবশ্য দূর করে দিয়েছেন রোহিত ও রাইডু। ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি পূরণ করে রোহিত খেলেছেন আরেকটি বড় ইনিংস। ডাবল সেঞ্চুরিরও ইঙ্গিত ছিল তার ঝড়ো ব্যাটিংয়ে। কিন্তু অ্যাশলে নার্সের বলে আউট হয়ে যান ১৬২ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যান ১৩৭ বলের ইনিংসটি সাজান ২০ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

রোহিতের পর চার নম্বরে পজিশনে সাফল্য পেয়েছেন রাইডু। ঝড়ো ব্যাটিংয়ে তিনি পান ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আউট হওয়ার আগে ৮১ বলে ৮ চার ও ৪ ছক্কায় করে যান ১০০ রান। এরপর মহেন্দ্র সিং ধোনির ২৩ ও কেদার যাদবের ১৬* রানে ভর দিয়ে ৩৭৭ রানে ইনিংস শেষ করে স্বাগতিকরা।

কঠিন লক্ষ্যে কোনও প্রতিরোধই গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৫৩ রানে অলআউট হওয়ার আগে অধিনায়ক জেসন হোল্ডারই যা একটু দাঁড়াতে পেরেছেন। ক্যারিবিয়ান অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৪ রানে। খলিল আহমেদ (৩/১৩) ও কুলদীপ যাদবের (৩/৪২) অসাধারণ বোলিংয়ের সঙ্গে ভারতের চমৎকার ফিল্ডিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন কিয়েরন পাওয়েল (৪), শাই হোপ (০) মারলন স্যামুয়েলস (১৮), শিমরন হেটমায়ার (১৩), রোভম্যান পাওয়েলরা (১)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের