আগামী অক্টোবরে ওমানে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সেখানে প্রথম পর্বের বাধা পেরোতে পারলেই সংযুক্ত আরব আমিরাতে ‘আসল’ লড়াইয়ের সুযোগ মিলবে লাল-সবুজ জার্সিধারীদের। এই বিশ্বকাপ অভিযানে কেমন দল পাচ্ছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই জানতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
দল ঘোষণা করার সময় এখনও হাতে আছে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ইতিমধ্যে তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ তারিখ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা ৩-৪ সেপ্টেম্বরের মধ্যেই জানিয়ে দেবে বিশ্বকাপ দল। তবে প্রধান কোচ ডমিঙ্গো মনে করেন, নিউজিল্যান্ড সিরিজের আগে দল দিয়ে দিলে খোলা মন নিয়ে ক্রিকেটাররা সিরিজটি খেলতে পারতেন।
আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ শেষে নির্বাচকদের দল ঘোষণার করার কথা। কিন্তু ডমিঙ্গো মনে করেন, বিশ্বকাপ দলটি আগেভাগে দেওয়া উচিত ছিল। কেন তার এই ভাবনা, সেটিও ব্যাখ্যা করেছেন বাংলাদেশের প্রধান কোচ।
ডমিঙ্গো বলেছেন, ‘আমার জানা মতে, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। আমি মনে করি, আমাদের স্কোয়াড কেমন হতে পারে, সেই ধারণা আমাদের রয়েছে। ভালো হতো যদি নিউজিল্যান্ড সিরিজে আগে স্কোয়াড ঘোষণা করা যেতো।’
কথাটা শেষ করেই আবার ডমিঙ্গো বললেন, ‘তাহলে খেলোয়াড়রা নিশ্চিন্ত থাকতে পারতো। তারা মাঠে যেতো, খোলা মন নিয়ে ক্রিকেট খেলতে পারতো। ভেতরে ভয় থাকতো না যে, বিশ্বকাপের জন্য নির্বাচিত হতে হবে বা এমন কিছু। এই মুহূর্তে মনে হচ্ছে না, এমন কিছু সম্ভব।’







