বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের ফাইনালে মাঠে নেমেছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে দক্ষিণাঞ্চল। দিনশেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ২৬১ রান।
রবিবার টস হেরে ব্যাটিং করতে নেমে দক্ষিণাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ ও এনামুল হক বিজয় দারুণ শুরু পেয়েছেন। দু’জন মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ১৬১ বলে পিনাক ৬৫ রানের ইনিংস খেলে বিদায় নিলে দ্বিতীয় উইকেটে অমিত-এনামুল মিলে আরও ২৫ রান যোগ করেছেন।
অমিত হাসান ১০ রান আউট হতেই ছন্দপতন ঘটে দক্ষিণাঞ্চলের ব্যাটিংয়ে। দুই রানে দক্ষিণাঞ্চল হারায় তিন উইকেট! টানা দুই ম্যাচে সেঞ্চুরি পাওয়া তৌহিদ হৃদয় রানের খাতা না খুলেই আউট হয়েছেন। এরপর দলের হয়ে সর্বোচ্চ রান করা এনামুল (৭৬) ফেরেন মুরাদের ঘূর্ণিজাদুতে। মেহেদী হাসান ৯ রানে আউট হলে দিনের বাকি সময়টা জাকির হাসান ও ফরহাদ রাজা মিলি সহজেই পার করেছেন। দু’জন মিলে গড়েছেন ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি। জাকির ৬০ বলে ৪৪ এবং ফরহাদ ৪৭ বলে ৪৬ রানে অপরাজিত আছেন।
মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ। বাকি উইকেটটি নিয়েছেন আবু জায়েদ রাহী।







