দুপুরে তুমুল হাঁকাহাঁকি চলছিল প্রথম দিন। কে কাকে নিবে, সে দিকেই মনোযোগ সবার। এমন মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন আইপিএলের নিলামকারী হিউজ এডমিডিস। ক্যামেরায় তার মাটিতে পড়ে থাকার দৃশ্য চোখে পড়তেই ডাক পড়ে মেডিক্যাল ইমার্জেন্সির। অবশ্য পরে জানানো হয়, এডমিডিস সুস্থ আছেন। দ্বিতীয় দিন নিলামে হাজির হয়ে সবাইকে চমকেও দিয়েছেন। তাতে নিলামের শেষটা হয়েছে আনন্দ মুখর পরিবেশে।
রবিবার ফাইনাল সেটের ডাকের সময় স্বভাবসুলভ ভঙ্গিতে হাজির হন এডমিডিস। তার আগে পুরোটা নিলাম পরিচালনা করেছেন ধারাভাষ্যকার চারু শর্মা। শেষ ভাগের দায়িত্ব এডমিডিসকে বুঝিয়ে দেওয়ার আগে তাকে স্বাগত জানান। এ সময় নিজের টেবিলে ফিরতেই হাসিমাখা মুখে সবাইকে সুস্থতার জানান দেন মূল নিলামকারী।
অনেকটা আকস্মিকভাবেই চারু শর্মাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। যিনি নিলামের হোটেলের কাছে বসবাস করেন। চারু শর্মা সেই দিনের ঘটনা প্রসঙ্গে জানান, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল তাকে আকস্মিক ফোন কল করেছিলেন। আর বলেছিলেন, ‘দ্রুত জামা কাপড় পরে চলে আসো।’









