মাঠে নেমে কয়েকটা বল হাত ঘুরিয়ে সাকিব ‘আড্ডা’ দিতে ব্যস্ত হয়ে পড়লেন, একবার প্রধান কোচের সঙ্গে তো আরেকবার নির্বাচকদের সঙ্গে। একটু পরে সতীর্থদের সঙ্গেও খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে সাকিবকে। অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিং অনুশীলনের আগে লম্বা সময় কিউরেটর প্রবীণ হিঙ্গানিকার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে কথা বলেছেন। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন থাকায় ক্রিকেটারদের খুব একটা সিরিয়াস হয়ে অনুশীলন করতে দেখা যায়নি। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের আগের দিন খোশগল্পের আড়ালে তামিম-সাকিবরা হয়তো বিশেষ পরিকল্পনা নিয়েই ব্যস্ত থেকেছেন!
টানা সাত বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে রাজত্ব করা বাংলাদেশ হোঁচট খেয়েছে ইংল্যান্ডের কাছে। ২০১৫ বিশ্বকাপের পর দারুণ ছন্দে থাকা বাংলাদেশ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে। এরপর ঘরের মাঠে সাতটি সিরিজে আধিপত্য বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। কিন্তু ঘরের মাঠে রাজত্ব করা দলটিকে এবারও মাটিতে নামিয়ে আনলো ইংলিশরা। মিরপুরে প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচটি হবে। শেষ ম্যাচে হোয়াইটওয়াশের মতো বিব্রতকর অবস্থার মুখোমুখি না হতে মরিয়া বাংলাদেশ। আর এই ম্যাচটিতে একাদশে একাধিক পরিবর্তন আসার জোর সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ঢাকায় দ্বিতীয় ওয়ানডে খেলে পরদিন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। সাকিব দলের সাথে না এলেও ওইদিন রাতে যোগ দেন। তৃতীয় ওয়ানডের আগে রবিবার সকাল দশটায় অনুশীলন করে বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলন থাকায় পেসার তাসকিন আহমেদ, ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন মাঠে আসেননি। ওয়ানডে দলের ক্রিকেটারদের সাথে টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের অনুশীলনে দেখা গেছে। সকালে স্টেডিয়ামে ঢুকতেই দেখা গেছে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে টানা বোলিং করতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা দুই ক্রিকেটারদের অনুশীলন ব্যস্ত থাকতে দেখে বিস্ময় লুকানো যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চাওয়াতেই দুই পেসারকে জাতীয় দলের সঙ্গে রাখা হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল দশটায় মাঠে ঢুকেই সাকিব চলে গেলেন উইকেটের দিকে। গভীর মনোযোগে বেশ কিছুক্ষণ উইকেট পর্যবেক্ষণ করে চলে এলেন ড্রেসিংরুম প্রান্তের বামপাশের নেটে। সেখানে কয়েক ওভার হাত ঘুরিয়ে যান পূর্বপাশের গ্যালারির দিকে। ওখানে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে কথা বললেন। দূর থেকে সেসব কথা বোঝার কোনো উপায় ছিল না। তারপরও অনুমান করাই যায়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েই তাদের আলোচনা।
সাকিব যখন নির্বাচকদের সাথে কথা বলায় ব্যস্ত, তখন অধিনায়ক তামিম ব্যস্ত হাথুরুসিংহের সাথে আলাপচারিতায়। তার আগে উইকেট দেখে কিউরেটরদের সাথেও কথা বলেছেন তামিম। বোঝার চেষ্টা করেছেন, ঠিক কেমন আচরণ করবে চট্টগ্রামের উইকেট। সাগরিকার উইকেট বরাবরই রানবন্যায় ভাসে। ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে এমন উইকেটই হচ্ছে! উইকেটে হালকা ঘাস থাকলেও আগামীকাল ম্যাচের আগে ঘাস আরও ছেটে ফেলা হবে। সবকিছু মিলিয়ে একদম ন্যাঁড়া উইকেটেই ম্যাচটি গড়ানোর সম্ভাবনা বেশি। ফলে উইকেট সম্পর্কে বিস্তর ধারণা পেতে কিউরেটরের সঙ্গে অনেকক্ষণ আলাপ করতে দেখা গেছে তামিমকে।
ওই আলাপ শেষ হতেই হাথুরুসিংহের সঙ্গে লম্বা আলোচনা করেন তামিম। উইকেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে তিনি এগুতে থাকেন ড্রেসিংরুম প্রান্তের নেটের দিকে। এই সময় নিজের ব্যাটিং নিয়েও কথা বলতে দেখা গেছে তামিমকে। দূর থেকে দেখে মনে হচ্ছিল হাথুরুসিংহ কিছু কৌশল বলে দিচ্ছেন, সেটি আবার শ্যাডো করে দেখাচ্ছেন ওপেনার তামিম। হাথুরুসিংহের সাথে আলাপ শেষে হাঁটতে হাঁটতে দুই নির্বাচকের সাথেও কিছুক্ষণ কথা বলে নেন অধিনায়ক। এরপর চলে যান নেটে। নেটে পেসার মৃত্যুঞ্জয় ও দুই স্পিনাররের বিপক্ষে বেশ আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করেছেন তামিম। লংঅন-লংঅফ-মিড উইকেট দিয়ে বিশাল কিছু ছক্কা মেরেছেন।
তামিমের আগে দুই পাশের দুই নেটে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে অনেক্ষণ ব্যাটিং অনুশীলন করান পেস বোলিং কোচ ডোনাল্ড ও ব্যাটিং কোচ জেমি সিডন্স। পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনারদের আক্রমণ বেশ ভালোভাবেই সামলাতে দেখা যায় এই দুই পেসারকে। দুজনকেই দারুণ কিছু শট খেলতে দেখা গেছে। সোমবার তৃতীয় ওয়ানডেতে তিন পেসারকে নিয়ে আক্রমণ সাজানোর জোর সম্ভাবনা আছে স্বাগতিকদের। তাসকিনের সঙ্গে হাসান ও এবাদতের ওপর পেস আক্রমণের দায়িত্ব পড়তে পারে। অবশ্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে তাসকিনকে বিশ্রাম দিয়ে হাসান ও এবাদতকে একাদশে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার তাইজুলকে বিশ্রামে যেতে হবে।
এবাদত ও হাসানের প্রায় ৪৫ মিনিটের ব্যাটিং অনুশীলন শেষ করে পেস বোলিং কোচ চলে যান মোস্তাফিজের কাছে। মাঠের একপ্রান্তে বসে কাটার মাস্টারের সঙ্গে কথা বলতে দেখা যায় ডোনাল্ডকে। তারপর সেন্টার উইকেটে শিষ্যকে নিয়ে চলে তার কঠোর অনুশীলন। বেশ কিছুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে ভালো করতে পারছেন না মোস্তাফিজ। মিরপুরে শেষ দুই ম্যাচে তাসকিন ভালো করলেও মোস্তাফিজ ভালো করতে পারেননি। তার নখদন্তহীন বোলিংয়ে বাংলাদেশ দল অনেকটাই ভুগেছে। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে তাই মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হতে পারে।
তাইজুল-মোস্তাফিজ ছাড়াও আরও একটি পরিবর্তন হতে পারে একাদশে। শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল না এলে মুশফিক কিংবা মাহমুদউল্লাহর যে কোনো একজনকে বিশ্রামে যেতে হতে পারে। সেক্ষেত্রে অভিষেক হয়ে যেতে পারে তৌহিদ হৃদয়ের। মিডল অর্ডারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাটার মুশফিক। কিন্তু দুই ম্যাচেই ব্যর্থ তিনি। ফিনিশারের দায়িত্ব পালন করছেন মাহমুদউল্লাহ। কিন্তু ফিনিশিং ভূমিকাতো দূরে থাকুক, তার স্লো ব্যাটিংয়ের কারণে ভুগতে হচ্ছে বাংলাদেশ দলকে। এমন অবস্থায় বিপিএলে দারুণ ব্যাটিং করে জাতীয় দলে সুযোগ পাওয়া হৃদয়ের অভিষেক হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না! প্রেসবক্স প্রান্তের দুই নেটে মুশফিক ও হৃদয়কে একসাথেই ব্যাটিং করতে দেখা গেছে। নেটেও মুশফিককে সাবলীল মনে হয়নি। সেখানে তরুণ হৃদয় ছিলেন বেশ সাবলীল।
এদিকে নির্বাচকদের সাথে কথা শেষ করে সাকিব সতীর্থদের সাথে বেশ কিছুক্ষণ খোশগল্প করতে থাকেন। তামিমের ব্যাটিং শেষ হওয়ার পর দুজন মিলে বেশ কিছুক্ষণ আলাপ করেন। সাম্প্রতিক ঘটনার কারণে সাকিব-তামিমের কথা বলাটাও বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মাঠের বাইরে সাকিব-তামিমের সম্পর্ক যেমনই থাকুক না কেন, মাঠের ভেতরে দেশের স্বার্থে তারা যে এক সেটাই যেন আজ আরও একবার প্রমাণ হলো।








