ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত শনিবার ভারত-বাংলাদেশের মধ্যকার তৃতীয় এক দিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য ছাড়াও ম্যাচের পর অক্রিকেটীয় আচরণে শাস্তি পেতে হয়েছে তাকে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় হারমানপ্রীতের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
শুধু দুই ম্যাচ নিষিদ্ধই নয়, ভারতীয অধিনায়ককে সবমিলিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের দুটি ধারা ভেঙে এই শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত। ‘আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা’ করে ২.৮ ধারা ভেঙেছেন তিনি। এর শাস্তি হিসেবে ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তাছাড়া লেভেল-১ অপরাধ করে ভেঙেছেন আইসিসির ২.৭ ধারাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে জনসম্মুখে কোনও ঘটনার সমালোচনা করা যাবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করে ২৫ শতাংশ জরিমানা গুনেছেন তিনি।’ তাতে প্রথম নারী ক্রিকেটার হিসেবে লেভেল-২ ভঙ্গের শাস্তি পেয়েছেন।
ঘটনাটা গত শনিবারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩৪তম ওভারে নিজের আউট নিয়ে মাঠে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক। নাহিদা আখতারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল তার ব্যাট বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডাব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন হারমানপ্রীত। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করাসহ মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়তেও দেখা যায় তাকে। এমনকি গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনাও করেছেন তিনি! সেখানেই থেমে থাকেননি, ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে প্রতিপক্ষকে নিয়ে তীব্র সমালোচনায় মেতে উঠেন। তার অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, ম্যাচ রেফারি আক্তার আহমেদের আনা অভিযোগ মেনে নিয়েছেন হারমানপ্রীত। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির লেভেল ২ ভঙ্গ করলে ম্যাচ ফি'র ৫০ বা ১০০ শতাংশ জরিমানা করার বিধান আছে। সঙ্গে দেওয়া হয় তিন বা চারটি ডিমোরিট পয়েন্ট। আর লেভেল এক ভঙ্গ করায় একটি বা দুটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে কাটা হয় ম্যাচ ফি'র ৫০ বা ১০০ শতাংশ। সবমিলিয়ে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রীত। এই কারণে ভারতের আসন্ন একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি।
ভারতীয় দলটির পরবর্তী অ্যাসাইনমেন্ট এশিয়ান গেমস। সেখানে প্রথম দুটি ম্যাচ মিস করতে যাচ্ছেন হারমানপ্রীত।








