তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে। তার নেতৃত্বেই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু হুট করে অবসরের সিদ্ধান্ত নেন। পরে অবশ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। যদিও পারিপার্শ্বিক নানামুখী কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে নিজেই নিজের নাম কেটে দেন। নিজের ক্যারিয়ার নিয়ে এবার ভারতীয় গণমাধ্যম স্পোর্টস্টারের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তামিম। সেখানে সুস্পষ্ট করে কিছু না বললেও তার কথাতে পরিষ্কার, ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসার শিকার হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাননি তিনি।
ওই সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘আপনার ব্যক্তিগতভাবে খারাপ সম্পর্ক থাকতে পারে বা মানুষের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যখন জাতীয় স্বার্থের কথা আসে, তখন সবাইকে এক হতে হবে এবং কোনও প্রতিহিংসামূলক আচরণ করা উচিত নয়। দুর্ভাগ্যবশত এটা ঘটেছে। আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ওই দিনগুলোতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল, আমি তা ভালোভাবে নেইনি এবং সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
কঠিন পরিস্থিতি নিয়ে তামিম আরও বলেছেন, ‘সেই যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমি কখনও ভাবিনি যে, আমি বাংলাদেশের হয়ে খেলবো না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু তখন অনেক কিছু ঘটে যা নিয়ে কখনও পরিকল্পনা করা হয়নি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে যেভাবে দল থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছিল, তা মোটেও ভালোভাবে নেননি তামিম। বিশ্বকাপের পর তাকে ফেরানোর কথা একাধিকবার বলা হয়েছিল। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার পর তাকে নিয়ে কথা বলেছেন। কিন্তু তামিমের দাবি, তার ফিরে আসার জন্য যৌক্তিক কারণ থাকতে হবে, ‘`আমি যেভাবে শেষ করেছি, তা সুখকর ছিল না। সুতরাং, আমার ফিরে আসা এবং খেলার জন্য একটি উদ্দেশ্য থাকা দরকার। আমি এমন কেউ নই যে, ফেরার জন্য ফিরে আসবো এবং তারপরে মাত্র চার বা পাঁচটি ম্যাচ খেলবো। খেলার কারণটা কী? সবাই বলে, ফিরে আসতে। তারা আমাকে চায়। কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলি, তাহলে বাংলাদেশ ক্রিকেটের কী উপকার হবে? তারা কী করতে চায় এবং কী অর্জন করতে চায়, তার পরিপ্রেক্ষিতে যদি একটি সঠিক পরিকল্পনা থাকে, তবে আমি এ নিয়ে ভাবতে পারি এবং আমরা সেই অনুযায়ী কথা বলতে পারি…।’
ফারুক বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিমকে নিয়ে ফের আলোচনা। ক্রিকেট পাড়ায় গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন বাঁহাতি ওপেনার। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও খোলামেলা উত্তর দিয়েছেন তামিম, ‘এখন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার চার থেকে পাঁচটি ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজে তিনটি আছে। মূলত, আপনি ছয় থেকে সাতটি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে এই কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য।’
তামিম আরও বলেছেন, ‘তবে, এটা ভিন্ন জিনিস। যদি তারা (বিসিবি) আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।’
মাঠে ফেরার জন্য সতীর্থদের ভূমিকার কথাও বলেছেন তামিম, ‘কথা হলো- আমি কি ক্রিকেট বোর্ডের হয়ে খেলবো, নাকি দলের হয়ে? (অনুরোধ) কোথা থেকে আসা উচিত? ক্রিকেট বোর্ড আমার দেখাশোনা করে কিন্তু খেলোয়াড়দেরও স্বাগত জানাতে হবে।’








