লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস। ১০৩ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বোয়েস ওটাগোর বিপক্ষে কেন্টারবুরির হয়ে বিধ্বংসী ব্যাটিংটা করেছেন। তার আগের কীর্তিটা ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ১১৪ বলে তিনি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন।
হেগলি ওভালে বিধ্বংসী ব্যাটিংয়ের সময় ৩২ বছর বয়সী বোয়েসকে অনেক চাপ সামলাতে হয়েছে। পিঠের ব্যথা ও পানি শূন্যতার জন্য নিয়মিতভাবে সেবা নিতে হয়েছে তাকে।
ওটাগোর বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৪৩ রানে থেমেছে ক্যান্টারবুরি। শেষ পর্যন্ত ১১০ বলে আউট হওয়ার আগে ২০৫ রান করেছেন। তাতে ছিল ৭টি ছয় ও ২৭টি চারের মার। জবাবে ওটাগো ১০৩ রানে অলআউট হয়েছে। ২৪০ রানের এই হারটা আবার নিউজিল্যান্ডের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে হারের নজির!
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বোয়েস প্রোটিয়াদের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্বও করেছেন। তবে কিউইদের হয়ে এরই মধ্যে ৬ ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি খেলেছেন ১১টি। এখন ঝড়ো ইনিংসে নতুন করে দলে ডাক পাওয়ার জন্য দরজায় কড়া নাড়ছেন। কিউইদের হয়ে তার সর্বশেষ ম্যাচটি ছিল গত বছরের সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে।








