আগের দিন ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছিল বরিশাল। রবিবার আরও ৭০ রান যোগ করে অলআউট হয় তারা। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে রংপুর ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১৮ রান। দিনশেষে ১১৮ রান পিছিয়ে তারা।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরিশাল ৩৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ২১ রানে তারা হারায় ওপেনার মিম মোসাদ্দেককে (১০)। এরপর জুটি গড়ার চেষ্টা করেও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আউট হন ২৩ রান করে। ৫৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে আব্দুল্লাহ আল মামুন ও নাঈম ইসলাম মিলে ৯০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। মামুন ১৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন। কিছুক্ষণ পর নাঈমও ৪০ রানে সাজঘরে ফেরেন।
এরপর আকবর আলী ২১ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে রংপুর। যদিও শেষ বিকালে আর উইকেট দেয়নি তারা। তানভীর হায়দার ও আরিফুল হক ৩৬ রানের জুটি গড়ে টিকে আছেন। তানভীর ১১ ও আরিফুল ২৮ রানে অপরাজিত থাকেন।
বরিশালের বোলারদের মধ্যে মহিউদ্দিন তারেক সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নেন রুয়েল মিয়া, সালমান হোসেন ও মঈন খান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইফতেখার হোসেন ইফতি (৭০), সালমান হোসেন (৬৭), তানভীর ইসলাম (৫২) ও তাসামুল হকের (৫১) ফিফটিতে দাঁড়িয়ে বরিশাল তিনশর বেশি স্কোর করে।








