জাঙ্গুর স্মরণীয় অভিষেকে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬

বাংলাদেশ ৫০ ওভারে ৩২১/৫ (জাকের ৬২*, মাহমুদউল্লাহ ৮৪*, আফিফ ১৫, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, লিটন ০, তানজিদ ০)

ওয়েস্ট ইন্ডিজ ৪৫.৫ ওভারে ৩২৫/৬ (মোটি ৪৪*, জাঙ্গু ১০৪*, চেজ ১১, কার্টি ৯৫, রাদারফোর্ড ৩০, হোপ ৩, আথানেজ ৭, কিং ১৫)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, জাকের আলী ও মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ৩২১ রানের বিশাল সংগ্রহ করেছিল বাংলাদেশ। তাদের চার জনকে ছাপিয়ে আমির জাঙ্গু ওয়ানডে অভিষেক স্মরণীয় করে নিলেন। তাতে এই সিরিজের আগে টানা ১১ ম্যাচ বাংলাদেশের কাছে হারা ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচেই জিতলো। ৪ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। ওয়ার্নার পার্কে রেকর্ড রান তাড়া করে জিতলো ক্যারিবিয়ানরা।

৩২২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল। শেরফানে রাদারফোর্ড ও কিসি কার্টির ৫৫ রানের জুটি ভেঙে দিয়ে ব্রেকথ্রু আনেন তাসকিন আহমেদ। ৮৬ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে জমাট বেঁধে আক্রমণাত্মক ব্যাটিং করেন কার্টি ও জাঙ্গু। দুজনে ১১৫ বলে ১৩২ রানের জুটি গড়েন। কার্টিকে ৯৫ রানে ফিরিয়ে বাংলাদেশকে উচ্ছ্বাসে মাতান রিশাদ হোসেন। তারপর রোস্টন চেজকেও ফেরান তিনি।

কার্টির আউটের আগের বলেই ৬১ রানে জীবন পাওয়া জাঙ্গু এই ধাক্কা সামলে তাণ্ডব চালান। ৭৯ বলে অভিষেক সেঞ্চুরিতে রাঙান তিনি। অন্যপ্রান্ত থেকে গুডাকেশ মোটির দারুণ সমর্থন পান। দুজনের ৫৩ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪৬তম ওভারে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নেন মোটি। ৩১ বলে তিনটি করে চার ও ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ১০৪ রানে টিকে ছিলেন জাঙ্গু। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশকে হারের চোখ রাঙানি

ওয়েস্ট ইন্ডিজ কখনও বাসেতেরেতে ৩০০-এর বেশি রান তাড়া করে জেতেনি। বাংলাদেশ তাই ৩২১ রান করে স্বস্তিতে ছিল। বিশেষ করে ৩১ রানে তাদের তিন উইকেট তুলে নিয়ে সহজ জয়ের আভাস দিয়েছিল। কিন্তু আমির জাঙ্গু অভিষেক ম্যাচে বাজিমাত করলেন। ডেসমন্ড হেইনেসের পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন, তার ব্যাটে বাংলাদেশকে হার চোখ রাঙাচ্ছে।

৪৫তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে সেঞ্চুরি উদযাপন করেন জাঙ্গু। ৭৯ বলে ৬ চার ও ৪ ছয়ে শতকের দেখা পান তিনি।

চেজকে দ্বিতীয় শিকার বানালেন রিশাদ

কিসি কার্টির পর রোস্টন চেজকে ফিরিয়ে উল্লাসে মাতলেন রিশাদ খান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ফিরতি ক্যাচ নেন তিনি। ১৭ বলে ১১ রান করেন চেজ। ২৩৪ রানে ষষ্ঠ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।

কার্টিকে আক্ষেপে পুড়িয়ে বাংলাদেশের স্বস্তি

১১৫ বলে ১৩২ রানের জুটি ভেঙে দিলেন রিশাদ হোসেন। ৩৪তম ওভারের প্রথম বলে জাঙ্গুকে জীবন দেন বাংলাদেশি বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমন। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের দুর্দান্ত ডাইভিং ক্যাচ হন কিসি কার্টি। ৮৮ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৫ রানের ইনিংস খেলে থামলেন তিনি।

কার্টির পর জাঙ্গুর হাফ সেঞ্চুরি

৩১ রানে তিন উইকেট পড়ার পর কিসি কার্টি ও শেরফানে রাদারফো্র্ড হাল ধরলেও জুটি ৫৫ রানের বেশি হয়নি। তবে কার্টির ব্যাটে একশ ছাড়িয়ে গেছে স্কোর, এমনকি হাফ সেঞ্চুরিও করেছেন। ৮৬ রানে চার উইকেট হারানোর পর জুটি বাঁধেন কার্টি ও জাঙ্গু। দুজনের একশ ছাড়ানো জুটি গড়ার পথে জাঙ্গু হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক ম্যাচেই। 

রাদারফোর্ডকে ফেরালেন তাসকিন

৩১ রানে তিন উইকেট হারালেও ওয়েস্ট ইন্ডিজ কিসি কার্টি ও শেরফানে রাদারফোর্ডের জুটিতে বাংলাদেশকে অস্বস্তিতে রেখেছিল। ৫৫ রানের এই জুটি ভেঙে দিলেন তাসকিন আহমেদ। ৩৩ বলে ৩০ রান করেন উইন্ডিজ ব্যাটার রাদারফোর্ড।

পাওয়ার প্লেতে ৬৬ রান দিলো বাংলাদেশ

৩১ রানে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারালেও শেরফানে রাদারফোর্ড ও কিসি কার্টির জুটিতে প্রয়োজনীয় রান রেট ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান স্বাগতিকদের। 

২৫ মিনিটের বৃষ্টি বিরতি শেষে মাঠে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

অষ্টম ওভারে প্রথমবার মেহেদী হাসান মিরাজ বল হাতে নেন। কিছুক্ষণ ধরে চলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তার চারটি বল হতেই ভারী রূপ ধারণ করে। তাতে করে খেলা সাময়িকভাবে বন্ধ ছিল। ২৫ মিনিট পর মাঠে গড়ায় খেলা। বাংলাদেশ ৩১ রানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নিয়ে বোলিংয়ে দারুণ শুরু করেছিল। 

হাসানের কাছে তৃতীয় উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ

পঞ্চম ওভারের চতুর্থ বলে বড় উইকেট তুলে নিলো বাংলাদেশ। শাই হোপকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানালেন হাসান মাহমুদ। ৩ রানে বিদায় নিলেন হোপ। ৩১ রানে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট পড়লো।

নাসুমের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট পড়লো

নাসুম আহমেদের আরেক ওভারে দ্বিতীয় ওপেনারকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। আলিক আথানেজকে বোল্ড করেছেন বাংলাদেশের স্পিনার। তার আগের ওভারে রান আউট হন ব্র্র্যান্ডন কিং। ৮ বলে ৭ রান করে ভুল শট খেলতে গিয়ে আউট হন আথানেজ। ২৮ রানে ২ উইকেট হারালো স্বাগতিকরা।

ঝড় তুলে রান আউট কিং

ব্র্যান্ডন কিং জ্বলে উঠেছিলেন। নাসুম আহমেদকে দ্বিতীয় ওভারে দুটি চার ও একটি ছয় মেরে ১৪ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। কিন্তু শেষ বলে করে ফেললেন ভুল। সিঙ্গেল নিতে চেয়েছিলেন। অন্য প্রান্তে থাকা আলিক আথানেজ তাকে ফিরিয়ে দেন। কিং ক্রিজে ফেরার আগেই মেহেদী হাসান মিরাজের থ্রো থেকে লিটন দাস রান আউট করেন। ১৯ রানে এক উইকেট হারালো ক্যারিবিয়ানরা। ১০ বলে ১৫ রান করেন কিং।

চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ৩২১ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করলো। চার ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে তারা।

তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের ১৩৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে দুজনেই ফিফটি করে আউট হলে জাকের আলী ও মাহমুদউল্লাহর ১৫০ রানের জুটিতে শক্ত অবস্থানে যায় বাংলাদেশ। ৬৩ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮৪ রানের সেরা ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। ৫৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন জাকের। তাদের জুটি ছিল ১১৭ বলের।

শূন্যতে জীবন পাওয়া সৌম্য ৭৩ বলে ৭৩ রান করেন। দলীয় ৯ রানের মধ্যে তিনি তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে মাঠ ছাড়তে দেখেন। মিরাজ ক্রিজে নেমেই অভিষিক্ত বোলার ব্লেডসকে মেরে খেলতে থাকেন। একই ধারায় খেলেন সৌম্যও। তাতে শক্ত জুটি হয়। সৌম্য আউট হওয়ার পর আফিফ হোসেন ও মিরাজ দ্রুত বিদায় নিলেও মাহমুদউল্লাহ ও জাকের দারুণ ব্যাটিং করেন। সিরিজে তৃতীয়বার দুজনের দেড়শ রানের জুটি হওয়ার পথে শেষ ৮ ওভারের ৮৮ রান যোগ করে বাংলাদেশ।

বাংলাদেশের আড়াইশ

৪৪তম ওভারে জাকের আলীর ব্যাটে ৫ উইকেট হারিয়ে আড়াইশ পার করে বাংলাদেশ। এরই মধ্যে মাহমুদউল্লাহ ও জাকের আলীর জুটি ৮০ ছাড়িয়েছে। 

৭৭ রানে রান আউট মিরাজ, আফিফও প্যাভিলিয়নে

আফিফ হোসেন ডিফেন্সিভ শট খেলে সিঙ্গেল নিলেন। নন স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই রাদারফোর্ডের থ্রোতে রান আউট মেহেদী হাসান মিরাজ। ৭৩ বলে ৭৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১৭১ রানে চতুর্থ উইকেট হারালো সফরকারীরা।

পরের ৫ বল ডট দিয়েছে বাংলাদেশ। তারপর রাদারফোর্ডের বলে ১৫ রানে ব্র‍্যান্ডন কিংয়ের ক্যাচ হন আফিফ। ১৭১ রানে ছয় উইকেট নেই।

সৌম্য আউট

সৌম্য সরকার দারুণ এক ইনিংস খেলে আউট হলেন। গুডাকেশ মোটির শিকার হন তিনি। এলবিডব্লিউ হলেন এই ওপেনার। ৭৩ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭৩ রান করেন বাংলাদেশ সৌম্য। রিভিউ নিলেও টিকতে পারেননি। ১৪৫ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে সৌম্য ১৩৬ রানের জুটি গড়েন।

মিরাজ-সৌম্যের ফিফটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

৯ রানে দুই উইকেট হারানোর ধাক্কা বাংলাদেশ দারুণভাবে কাটিয়ে উঠেছে। শূন্যতে জীবন পাওয়া সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত জুটিতে তাদের স্কোর ১০০ হলো। ১৯.১ ওভারে মিরাজের সিঙ্গেলে তিন অঙ্কের ঘরে পৌঁছে বাংলাদেশ। একই ওভারে চতুর্থ বলে মিরাজ ফিফটি করেন। ৫৬ বল খেলেন তিনি। শেষ বলে সৌম্য ৫৮ বলে হাফ সেঞ্চুরি করেন।

পাওয়ার প্লেতে শুরুর ধাক্কা কাটিয়ে মিরাজের ব্যাটে বাংলাদেশের লড়াই

পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ৪৬ রান। মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার ২৬ ও ১৬ রান করেছেন। তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও লিটন দাস আলজারি জোসেফের শিকার হন ডাক মেরে।

ব্লেডসের সামনে আগ্রাসী মিরাজ

বাংলাদেশের বাজে শুরু পুষিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। জেডিয়াহ ব্লেডসের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ২৩ রান তুলে নিয়েছেন অধিনায়ক। সৌম্য সরকারের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েছেন মিরাজ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান।

৩ বলের মধ্যে তানজিদ-লিটন ডাক মারলেন

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখানো তানজিদ হাসান তামিম এবার রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে তিনি শেরফানে রাদারফোর্ডের ক্যাচ হন। ৬০ ও ৪৬ রান করেছিলেন তানজিদ।

একই ওভারে চতুর্থ বলে লিটন দাস স্লিপে ব্র‍্যান্ডন কিংকে ক্যাচ দেন। তিনিও ডাক মারেন। এই সিরিজে পুরোপুরি ফ্লপ লিটন। আগের দুই ম্যাচে ২ ও ৪ রান করেন তিনি।

আলজারি জোসেফের প্রথম ওভারে সৌম্য সরকার জীবন পান। তবে ওয়েস্ট ইন্ডিজ পেসার দ্রুত ২ উইকেট তুলে নিলেন। ৯ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।

জীবন পেলেন সৌম্য

ইনিংসের চতুর্থ বলে স্লিপে ব্র‍্যান্ডন কিংয়ের হাত ফসকে জীবন পেলেন সৌম্য সরকার। আলজারি জোসেফ ছিলেন বোলিংয়ে। ২ ওভার শেষে বাংলাদেশের রান ৯।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও টস হেরেছে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। গত ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ বছরে প্রথম কোনও সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফলে ১০ বছরের মধ্যে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের শঙ্কার মধ্যে পড়েছে তারা।   

একাদশে কারা

বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে তিনটি। ফিরেছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম সাকিব। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

আগের ম্যাচ জয়ের নায়ক জেইডেন সিলস অবশ্য এই ম্যাচ থেকে ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় একাদশে এসেছেন আলজারি জোসেফ। সিরিজ নিশ্চিত হওয়ায় দুজনের অভিষেকও হচ্ছে। এসেছেন জেডিয়াহ ব্লেডস ও আমির জাংগুর। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আমির জাংগু, কেসি কার্টি, শাই হোপ, আলিক আথানেজ, শেরফানে রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।

/এফআইআর/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের