ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকারের বাড়িতে এখন উৎসবের আমেজ। তার ছেলে অর্জুন টেন্ডুলকারের বাগদান সম্পন্ন হয়েছে। শচীনের হবু পুত্রবধূ সানিয়া চান্দোক, মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি তিনি।
ঘাই পরিবারের খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এ ছাড়া দুটো নামী আইসক্রিম সংস্থার মালিক তিনি।
বুধবার রাতে প্রকাশ্যে আসে অর্জুনের বাগদানের খবর। ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়ার সঙ্গে বাগদান হয়েছে আড়ালে। ব্যক্তিগত অনুষ্ঠানে হাজির ছিলেন শুধু দুই পরিবারের লোকজনই।
বাগদান হওয়ার পর অনেকের কৌতূহল দেখা গেছে সানিয়াকে নিয়ে।
সানিয়ার সম্পর্কে বিশেষ তথ্য তেমন পাওয়া যায়নি। নিজেকে সেভাবে তুলে ধরার প্রবণতা নেই তার। তিনি পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০ সালে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া নিজে পশুপ্রেমী। ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সানিয়া।
২৫ বছর বয়সী অর্জুন ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে সেঞ্চুরিও রয়েছে তার। মুম্বাইয়ের হয়ে অর্জুনের ক্রিকেট জীবন শুরু হয় ২০২০-২১ সালে। সিনিয়র দলে জায়গা না পেয়ে ২০২২-২৩ মৌসুমে তিনি গোয়ায় চলে যান। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। প্রথম শ্রেণিতে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন অর্জুন। একটা শতরান এবং দুটো অর্ধশতরান রয়েছে। ৩৭টা উইকেটও রয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও খেলেছেন অর্জুন। ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথশ আইপিএল উইকেট পান। সবশেষ আইপিএলের মেগা অকশানে ৩০ লাখ রুপিতে তার সঙ্গে মুম্বাই চুক্তি করলেও কোনও ম্যাচ খেলা হয়নি।









