এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন টিম সাউদি। গতকাল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারাতে অবদান রেখে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
২৬ বছর বয়সী রশিদ ২১ রানে নিয়েছেন ৩টি উইকেট। তাতে ৯৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা এখন ১৬৫। ১২৬ ম্যাচে ১৬৪ উইকট নিয়ে নিউজিল্যান্ড পেসার সাউদি দুইয়ে নেমে গেছেন। রশিদের ঘূর্ণিতেই এক পর্যায়ে ২ উইকেটে ৯০ রান নিয়ে থাকা আমিরাত ৮ উইকেটে থামে ১৫০ রানে। শুরুতে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছিল আফগান দল।
পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে পরাস্ত হওয়া আফগানিস্তানের ৪ উইকেটে ১৮৮ রানের মূল কারিগর ছিলেন ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অটল। ৪০ বলে ৬৩ রান করেন ইব্রাহিম, অটল ৪০ বলে করেছেন ৫৪। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ রান যোগ করেন তারা। অটলের প্রথম ফিফটিতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। জাদরানের ইনিংসে ছিল ৪টি ছয় ও ৩টি চার। আমিরাতের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ রোহিদ ও সাগির খান।
জবাবে রান তাড়ায় আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ত্রাস ছড়ানোর চেষ্টা করেছিলেন। ৩৭ বলে ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাতে ছিল ৬ টি ছক্কা ও ৪টি চারের মার। কিন্তু ওয়াসিমের আউট হতেই ধস নামে স্বাগতিকদের ইনিংসে। রশিদের শিকার হন ইথান ডিসুজা (১২), আসিফ খান (১) ও ধ্রুব পারাশার (১)। তবে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আফগান বামহাঁতি স্পিনার শারাফুদ্দিন আশরাফ।








