টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে নকআউট পর্বেও। সেক্ষেত্রে কী করবে তারা? এর জবাবে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, তখন সেরকম সম্ভাবনা দেখা দিলে তারা দেশটির সরকারের পরামর্শ নেবে।
বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আসরটি শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রুপ ‘এ’-তে মূল আয়োজক ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। তবে সেমিফাইনাল বা ফাইনালে দল দুটির আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান আগা বলেছেন, ‘ভারতের বিপক্ষে খেলার বিষয়টি আমাদের হাতে নেই। এটি সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমরা আবার সরকারের দ্বারস্থ হবো এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবো।’
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে গ্রুপ ‘সি’ থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। পাকিস্তান তখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিকে সমর্থন জানিয়েছিল।
পাকিস্তান সরকার দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলতে অনুমতি দেয়নি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে সালমান আগা বলেছেন, ‘বাংলাদেশ দলের এখানে না থাকাটা দুঃখজনক। তাদের দলটা খুব ভালো। আশা করি, এখন তারা আমাদের সমর্থন করবে।’
ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষে ম্যাচ ছেড়ে দিলে পাকিস্তান শুধু দুটি পয়েন্টই হারাবে না, বড় ধাক্কা খাবে নেট রান রেটও। এমনকি বৃষ্টির কারণে গ্রুপ পর্বে একটি ম্যাচও হারালে কোয়ালিফাই করা কঠিন হয়ে যেতে পারে।
সালমান আলী আগা অবশ্য এক্ষেত্রে ভীষণ সতর্ক, ‘ভুল করার সুযোগ খুব কম, এটা আমরা জানি। তবে আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা ভালো ক্রিকেট খেলতে এখানে এসেছি, কন্ডিশন নিয়ে ভাবছি না।’







