অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অভিষেক মৌসুম দুর্দান্ত কেটেছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার স্বীকৃতি হিসেবে হোবার্ট হারিকেন্সের ‘বিবিএল প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি।
বলা যায় ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার অভিজ্ঞ ও প্রতিষ্ঠিতদের পেছনে ফেলে এই সম্মাননা জিতেছেন। যে তালিকায় ছিলেন অধিনায়ক নাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও ব্যাটার নিখিল চৌধুরী।
ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড নাইটে বুধবার বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুমের সেরাদের নাম ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো বেগুনি জার্সিতে পূর্ণাঙ্গ মৌসুম খেলতে নেমেই দলটির সর্বোচ্চ উইকেট শিকারি হন রিশাদ। পুরো টুর্নামেন্টে নিয়েছেন ১৫টি উইকেট। গড়ে ২০.৮৬ এবং ৭.৮২ ইকোনমি রেটে বোলিং করে কঠিন মুহূর্তে তার কার্যকারিতা মেলে ধরেছেন। তার সেরা পারফরম্যান্স ২৬ রানে ৩ উইকেট।
তার সঙ্গে সেরার লড়াইয়ে থাকা এলিস ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। তবে ওভারপ্রতি রান দেন ৯.০৩। ওভারপ্রতি সাড়ে ৮ করে রান দিয়ে জর্ডান উইকেট নিয়েছেন ৭টি। নিখিল ১৫৩.৫০ স্ট্রাইক রেটে করেছেন ৩০৭ রান।








