২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সফরের আগে বড় বার্তা দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারলে ভবিষ্যতে আরও বেশি টেস্ট সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে অস্ট্রেলিয়া।
শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের শান্ত বলেছেন, ‘২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়াটা সৌভাগ্যের বিষয় হলেও, এর চেয়ে বেশি সফর প্রাপ্য ছিল বাংলাদেশের।’
তার কথা, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। আমরা যদি আরও ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো আরও বেশি সুযোগ পেতাম।’
শান্ত জানান, দলের মূল লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা। তার ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য সেখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করা। যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে তারা অবশ্যই আবার আমাদের আমন্ত্রণ জানাবে। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি, তবে তাদের কতটা কঠিন লড়াই দিতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
টানা বৃষ্টির কারণে বাংলাদেশের প্রস্তুতি ঠিকমতো হয়নি বলে স্বীকার করেছেন শান্ত, ‘ডারউইন ও ম্যাকাইয়ের কন্ডিশন সম্পর্কে এখনও পুরোপুরি পরিষ্কার ধারণা নেই। আমাদের বিশ্লেষক কিছু তথ্য দিয়েছেন। বৃষ্টির কারণে দেশে ঠিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তবে যা সম্ভব হয়েছে, করেছি। এমনকি গ্রানাইট পিচে বোলিং মেশিনের বিপক্ষেও অনুশীলন করেছি।’
বাংলাদেশ দল শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। মূল সিরিজের আগে তারা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।









