১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক লর্ডসে ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত টেস্ট ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে টিকিটের তোড়জোড়ও। ম্যাচের প্রায় আট মাস আগেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডস।
লর্ডস গতকাল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিটের জন্য পাবলিক ব্যালট খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী গ্রীষ্মের ম্যাচগুলোতে গ্যালারিতে বসার সুযোগ পেতে আবেদন করতে পারবেন সমর্থকেরা।
টিকিটের এই ব্যালট চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সফল আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে নভেম্বরের শুরুতে জানানো হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বরের মধ্যে টিকিট কিনতে পারবেন। আর সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ১০ ডিসেম্বর।
বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলেছিল ২০১০ সালে। দীর্ঘ ১৭ বছর পর ২০২৭ সালে আবারও ইংলিশ মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে লাল-সবুজের দল। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে থাকছে ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডস।
ইংল্যান্ড ও বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজটিও হয়েছিল বাংলাদেশে ২০১৬ সালে। দুই ম্যাচের সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।









