অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেলো দক্ষিণ আফ্রিকা। বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার অটনেইল বার্টম্যান। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ডুয়ান ইয়ানসেনকে।
শনিবার প্রথম শ্রেণির মৌসুমের উদ্বোধনী ম্যাচে ডলফিনসের হয়ে খেলতে গিয়ে চোট পান বার্টম্যান। ম্যাচটিতে মাত্র পাঁচ ওভার বোলিং করতে পেরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েও নামেননি। এখন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে পুনর্বাসনে তার কত সময় লাগতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বার্টম্যানের জায়গা পূরণ করবেন ডুয়ান ইয়ানসেন। বর্তমানে নামিবিয়ায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলের সঙ্গে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার বার্টম্যান। এর আগে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে কাগিসো রাবাদাকেও ওয়ানডে সিরিজের জন্য পাওয়া যাবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রাবাদার সুস্থ হয়ে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি দেশটির বোর্ড। আগামী ৯ অক্টোবর শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তার অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৮ টেস্টের ব্যস্ত মৌসুম সামনে থাকায় বার্টম্যানকেও টেস্ট স্কোয়াডে বিবেচনা করা হতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডুয়ান যোগ দিচ্ছেন তার ভাই মার্কো ইয়ানসেনের সঙ্গে। বার্টম্যান যে ম্যাচে চোট পেয়েছেন, সেই ম্যাচেই মার্কো নিয়েছেন সাত উইকেট।
সাম্প্রতিক পারফরম্যান্সেও ডুয়ান দারুণ ছন্দে রয়েছেন। জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে নামিবিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। দুটি ওয়ানডেতেও নিয়েছেন পাঁচ উইকেট। তবে রবিবার হতে যাওয়া সিরিজের তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।









