শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ ওপেনার জস বাটলার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ক্রিকেটার।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন ৩৬ বছর বয়সী ব্যাটার। লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তোলেন। মাত্র ১৬ বলে খেলেন ৩০ রানের অনবদ্য ইনিংস। এই ইনিংস খেলার পথেই টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫ হাজার রানের চূড়ায় পৌঁছে যান তিনি।
এই রেকর্ড গড়ার পথে বাটলার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ডকে, যার নামের পাশে এতদিন ১৪ হাজার ৯৯৯ রান ছিল। ৫২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে এই কীর্তি গড়লেন বাটলার। এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ৩৫-এর বেশি এবং স্ট্রাইকরেট ১৪৭ দশমিক ৪৬। এর আগে সিরিজের প্রথম ম্যাচেই রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।
টিটোয়েন্টি ফরম্যাটে বাটলারের মোট সেঞ্চুরির সংখ্যা ৯টি, যার মধ্যে দুটি এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানে বাটলারের ওপরে আছেন কেবল বাবর আজম। পাকিস্তানের এই তারকার সংগ্রহ ৪ হাজার ৫৯৬ রান, যা বাটলারের চেয়ে ২৭৪ রান বেশি। চলতি ২০২৬ মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ তিন টি-টোয়েন্টি ইনিংসে ৮০-এর বেশি গড়ে ও ১৯৪ দশমিক ৩০ স্ট্রাইকরেটে ২৪১ রান সংগ্রহ করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা।
জস বাটলারের এই বিস্ফোরক শুরুর সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সহজ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। বোলারদের নৈপুণ্যে লঙ্কানদের ১৪৬ রানে আটকে ফেলার পর মাত্র ১২ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে আগামী ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচ ইংল্যান্ড।









