নিউজিল্যান্ড সফরটা তিক্ত অভিজ্ঞতায় শেষ হওয়ার শঙ্কায় ভারত। কিউইদের প্রথম ইনিংসে ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১১৬। স্বাগতিক পেস আক্রমণের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন ভারতের ব্যাটাররা।
ভারত অধিনায়ক শুভমান গিল টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৩৫৬ রান করার পর ব্যাটিংয়ে নেমে একের পর এক দায়িত্বজ্ঞানহীন শটে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
ঋষভ পান্ত ক্রিজে নেমেই প্রথম বলটি সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে সামাজিক ক্রিকেট ম্যাচ ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’-এ তার এমন আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছিল। তবে এবার ২৩ রানে থামতে হয় তাকে। জ্যাকব ডাফির বলে বেপরোয়া শট খেলতে গিয়ে ক্যাচ দেন পান্ত। দারুণভাবে সেটি তালুবন্দি করেন কাইল জেমিসন।
গত সপ্তাহে ওয়েলিংটনে দারুণ ধৈর্য ও শান্ত মেজাজে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। এবার অবশ্য ২৫ রানে ডেভন কনওয়ের হাতে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাজে বলে ড্রাইভ খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন এই ব্যাটার।
দিনের শেষ বলে উইকেট হারায় ভারত। নাথান স্মিথের বলে ব্যাটের কানায় লাগা বলটি দ্বিতীয় স্লিপে দারুণভাবে তালুবন্দি করেন টম ল্যাথাম। আউট হন ওয়াশিংটন সুন্দর। দিন শেষে ধ্রুব জুরেল অপরাজিত আছেন ৭ রানে।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালকে বোল্ড করেন ম্যাট হেনরি। রানের খাতা খোলার আগেই ফেরেন জয়সওয়াল।
এরপর দ্রুতগতিতে ২১ রান করা দেবদূত পাডিক্কালকে ফেরান জেমিসন। সেশনের শেষ বলে দ্বিতীয় শিকার ধরেন জেমিসন। এবার শুভমান গিলের ইনিংস শেষ করেন ল্যাথাম। দ্বিতীয় স্লিপে নিচু হয়ে দারুণ ক্যাচ নেন তিনি।
৮ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডাফি। আর ১৩ ওভারে ৩৩ রান খরচায় জেমিসনের শিকার ২ উইকেট।
এর আগে প্রথম দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু ঘাসে ঢাকা প্রাণবন্ত উইকেটে অতিরিক্ত শর্ট বল করে স্বাগতিকদের সুবিধা করে দেন ভারতের বোলাররা।
নিউজিল্যান্ডের হয়ে টম ব্লান্ডেল করেন লড়াকু ৮৯ রান, ল্যাথামের ব্যাট থেকে আসে ৫৯। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকাশ দীপ। ৩১.৩ ওভার বল করে ৯৯ রানে ৫ উইকেট নেন তিনি।
তিনটি ক্যাচ হাতছাড়া না হলে আকাশ দীপের উইকেটসংখ্যা আরও বাড়তে পারতো।
দ্বিতীয় দিন সকালে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ৩৬ এবং ব্লান্ডেল ৫৩ রানে অপরাজিত ছিলেন। দিনের দ্বিতীয় ওভারেই আউট হন ফিলিপস। আনশুল কাম্বোজের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। আগের দিনের সংগ্রহের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি।
এরপর ব্লান্ডেলের সঙ্গে জুটি গড়েন নাথান স্মিথ। দুজন মিলে যোগ করেন ৪৪ রান। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ড্রাইভে ২৬ রান করেন স্মিথ। তবে আকাশ দীপের বলে ফিরতি ক্যাচে বিদায় নিতে হয় তাকে।
অভিষেক ম্যাচ খেলতে নামা ব্রার ব্লান্ডেলকে স্লেজিং শুরু করলে ভারতের হতাশাও প্রকাশ পেতে থাকে। তবে তাতে লাভের চেয়ে ক্ষতিই হয়েছে সফরকারীদের। স্লেজিংয়ে উল্টো চাঙা হয়ে ওঠেন ওয়েলিংটনের এই ব্যাটার। একের পর এক পুল শটে বল সীমানাছাড়া করেন তিনি। শর্ট বল খেলার ক্ষেত্রে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ব্লান্ডেল আগ্রাসী বোলিংয়ের এই সুযোগ ভালোভাবেই কাজে লাগান।
প্রথম দিন থেকেই ভারতের বোলাররা অতিরিক্ত শর্ট বল করছিলেন। বল ট্র্যাকিংয়ের হিসাবে, তাদের করা ৫১৭ বলের মধ্যে মাত্র ৩২টি স্টাম্পে আঘাত হানার মতো ছিল।
বিদায় বেলায় কী বললেন শুকি