রাশিয়াতে সেরা সাফল্য পাওয়ার মতো সব ধরনের উপকরণ এবার আছে বেলজিয়ামের, এমন বিশ্বাস দলের তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের।
চেলসির এই অ্যাটাকারের মতে, বেলজিয়ামের মূল খেলোয়াড়দের ক্লাব ফর্ম এবার প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে। রবার্তো মার্তিনেজের শিষ্যদের দারুণ কিছু অর্জনের এখনই সময়।
ইউরোপের শীর্ষ কয়েকটি লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে এবার বিশ্বকাপে খেলবে বেলজিয়াম। অধিনায়ক হ্যাজার্ড চেলসির হয়ে সম্প্রতি দারুণ পারফরম্যান্স করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে শীর্ষ খেলোয়াড়দের সারিতে ছিলেন কেভিন ডি ব্রুইন। ম্যানসিটিকে চ্যাম্পিয়ন করতে অ্যাসিস্টে সবার সামনে ছিলেন এই মিডফিল্ডার। ম্যানইউর আক্রমণভাগে উজ্জ্বল ছিলেন রোমেলু লুকাকু। মারোনে ফেলাইনিকেও রাখতে হবে সম্ভাবনাময়ীর মধ্যে।
২০১৪ সালের বিশ্বকাপেও এই খেলোয়াড়দের নিয়ে লড়েছিল বেলজিয়াম। গ্রুপের সব ম্যাচ জিতে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে হারায় তারা। তবে আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয় বেলজিয়ানদের। এবার সেই বাধাও টপকে যেতে আত্মবিশ্বাসী হ্যাজার্ড।
দারুণ কিছু করতে দৃঢ় প্রত্যয়ী বেলজিয়ামের অধিনায়ক, ‘আমি মনে করি আমাদের সবাই দারুণ অবস্থায় আছি। ম্যানসিটির কেভিন, ম্যানইউর রোমেল এবং চেলসির আমি ও থিবো (কোর্তোয়া) আমরা সবাই সেরা ক্লাবে খেলি। ভালো মৌসুম ছিল সবার। তাই আমরা যদি সেরা কিছু করতে চাই, এখনই সময়।’
হ্যাজার্ড আরও যোগ করেছেন, ‘এক, দুই কিংবা চার বছরের অপেক্ষা নয়। আমি মনে করি এখনই সময় একসঙ্গে হওয়ার এবং দারুণ কিছু করে দেখানোর।’
‘জি’ গ্রুপে বেলজিয়াম ১৮ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে পানামার। তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী তিউনিসিয়া ও ইংল্যান্ড। গোল ডটকম








