সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে ব্রাজিলের। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টার ম্যাচে নামার আগে সেলেসাও কোচ তিতে জানিয়েছেন, শতভাগ ফিট নন নেইমার, তবে ফুটবল মহাযজ্ঞে আলো ছড়াতে প্রস্তুত তিনি।
অ্যাঙ্কেলের চোটে মাস তিনেকের মতো মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে খেলার সময় চোট পেয়ে অস্ত্রোপচারও করেতে হয় এই ফরোয়ার্ডকে। যদিও বিশ্বকাপের আগে মাঠে ফিরেছেন তিনি চেনা রূপ নিয়েই। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর অস্ট্রিয়া ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন তিনি। এরপরও ব্রাজিলের কোচ তিতে বলছেন, ‘শতভাগ ফিট নয় নেইমার।’ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অবশ্য এটাও নিশ্চিত করেছেন, ‘খেলার জন্য প্রস্তুত আছে নেইমার।’
দলের সেরা অস্ত্রকে নিয়ে তিতের বক্তব্য, ‘নেইমার শতভাগ ফিট না হলেও শারীরিক সামর্থ্যে বিশেষ সুবিধা পাচ্ছে ও। ওর দৌড়ানোর ক্ষমতা ও দুর্দান্ত গতি বিস্ময়কর, এগুলো হারিয়ে যায়নি। তবে এখনও সে সেরা জায়গায় যেতে পারেনি।’ এই মন্তব্যে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে সংশয়ের মেঘ জন্মালেও তার দূর করে দিয়েছেন পরের কথাতেই, ‘আমরা যা প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে ভালো অবস্থানে আছে নেইমার, আর দুর্দান্ত বিশ্বকাপের জন্য সে প্রস্তুত।’
নেইমারকে ঘিরে আবারও বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে সাম্বার দেশের মানুষ। সমর্থকদের প্রত্যাশার চাপটা তাই খুব বেশি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ওপর। তিতে সেই চাপ কমাতেই হয়তো বলেছেন, ‘আমি মনে করি না নেইমারই দলের নেতা। (দলের) প্রত্যেকেই আমাদের শক্তি। জানি অনেক মানুষ আছেন, যারা নেইমারকে পছন্দ করে, আবার অনেকেই আছেন, যারা অপছন্দ করে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আলাদা আলাদা ধাঁচের খেলোয়াড়, যারা প্রত্যেকে আলো ছড়াতে পারে।’ মার্কা








