আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিততে না পারায় দায়ী করা হচ্ছে লিওনেল মেসির পেনাল্টি মিসকে। হের্নান ক্রেসপো তেমনটা মনে করেন না। বরং তাকে সহায়তা না করার জন্য তার সতীর্থদের সমালোচনা করলেন আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার।
আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্রর দিন মেসি ১১ শট নিয়েও গোল করতে না পারার নতুন আর্জেন্টাইন রেকর্ড গড়েছেন। বেশিরভাগ শট এসেছে সেট পিচ থেকে। ক্রেসপো মনে করেন, সতীর্থদের কাছ থেকে খুব বেশি সহায়তা পাননি আর্জেন্টিনা অধিনায়ক।
মেসিকে মাঠে সমর্থন দিতে তার সতীর্থদের আহ্বান জানালেন আর্জেন্টিনার জার্সিতে ৬৪ ম্যাচ খেলা সাবেক এ স্ট্রাইকার, ‘একটা কথা দিয়ে শুরু করি: মেসি (তার পারফরম্যান্সের কারণে) পাঁচে পাঁচ পাওয়ার দাবিদার। অবশ্যই আমরা তার কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করি। কিন্তু মেসি ম্যারাডোনা নয়, একাই সে একটি বিশ্বকাপ জেতাতে পারবে না। প্রথমে সব আর্জেন্টাইনকে এটা বুঝতে হবে, তারপর তার সতীর্থদের।’
গ্যাজেত্তে দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেসপো আরও বলেন, ‘সে অসাধারণ যদি ঠিক পরিস্থিতির মধ্যে থাকে, বার্সেলোনার মতো। অন্যথায় সে ভুগতে থাকবে। কিন্তু একটা কথা বলুন তো, আইসল্যান্ডের বিপক্ষে তাকে কে সহায়তা করেছে? (আনহেল) দি মারিয়া প্রতিপক্ষকে টপকে যেতে পারেনি, মিডফিল্ডাররাও তাকে ঠিকমতো সমর্থন দেয়নি।’ গোল ডটকম







