বিশ্বকাপের শুরুতেই হৈচৈ ফেলে দিয়েছে মেক্সিকো। চমৎকার ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে তারা! প্রথম ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সঙ্গী করে এবার শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্য মাঠে নামছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
রোস্তভের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত ৯টায়। সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি, টেন টু ও টেন থ্রি চ্যানেলে।
জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা মেক্সিকো আজই নিশ্চিত করে ফেলতে পারে নকআউট পর্ব। দক্ষিণ কোরিয়াকে যদি তারা হারিয়ে দেয়, আর সুইডেনের বিপক্ষে জার্মানি জিততে না পারে, তাহলে এক ম্যাচ আগেই টানা সপ্তমবারের মতো নকআউট পর্বে পৌঁছে যাবে কনকাকাফ অঞ্চলের দলটি।
মেক্সিকো তাদের শক্তি প্রথম ম্যাচেই দেখিয়েছে। আর প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে, সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে। ১৯৯৮ সালে ফ্রান্সের আসরে গ্রুপ পর্বে কোরিয়ানদের ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি আছে ‘এল ত্রাই’য়ের। এশিয়ার দলগুলোর বিপক্ষে তাদের জয়ের রেকর্ড শতভাগ। বিশ্ব মঞ্চে এশিয়ার দলের সঙ্গে সাক্ষাৎ হওয়া তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মেক্সিকো।
পরিসংখ্যানের সঙ্গে মাঠের পারফরম্যান্সেও দক্ষিণ কোরিয়া থেকে এগিয়ে কনকাকাফ অঞ্চলের দলটি। আক্রমণভাগ যেমন আলো ছড়াচ্ছে, তেমনি রক্ষণভাগও দুর্দান্ত। সবশেষ আট ম্যাচের ছয়টিতে কোনও গোলই হজম করেনি মেক্সিকো। বিপরীতে দক্ষিণ কোরিয়া গোল করতেই যেন ভুলে গেছে! সবশেষ তিন ম্যাচে গোলের দেখা পায়নি এশিয়ার দেশটি।
সুইডেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করায় দক্ষিণ কোরিয়ার জন্য আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে তাদের। তাই গত ম্যাচের ব্যর্থতা ঝেরে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে মাঠে নামতে যাচ্ছে তায়ে-অং শিনের দল।
দক্ষিণ কোরিয়া যেখানে বিদায় নেওয়ার শঙ্কায়, সেখানে মেক্সিকোর সামনে দ্বিতীয় রাউন্ডের হাতছানি। এশিয়ার দেশটিকে হারাতে পারলে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখবে তারা। এমনকি আজই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে, যদি তাদের জয়ের সঙ্গে জার্মানি পয়েন্ট হারায় সুইডেনের বিপক্ষে। ফিফা ডটকম








