রাশিয়া বিশ্বকাপে অবিশ্বাস্য হারে বেড়ে চলেছে পেনাল্টির সংখ্যা। তাতে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টির রেকর্ড গড়েছে ২১তম আসর।
সোমবার মিশর ও সৌদি আরবের লড়াইয়ে দুটি পেনাল্টিতে রেকর্ড স্পর্শ করেছিল রাশিয়া বিশ্বকাপ। পরে ইরান ও পর্তুগালের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো ফাউলের শিকার হলে ভাঙে ২০০২ সালের রেকর্ড। শুধু তাই নয়, রেকর্ডের ব্যবধান বেড়েছে পরে ইরানও পেনাল্টি পেলে।
১৬ বছর আগে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে পেনাল্টি হয়েছিল ১৮টি। মিশরের বিপক্ষে সৌদি আরব দুটি পেনাল্টি পেলে সেই রেকর্ড স্পর্শ করে রাশিয়ার আসর। পরের ম্যাচে ৫২ মিনিটে পর্তুগাল অধিনায়ক রোনালদো ইরানের ডিবক্সে ফাউল হলে নতুন রেকর্ড হয়। যদিও এই বিশ্বকাপের ১৯তম পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।
এই ম্যাচে আরও একবার পেনাল্টির বাঁশি বাজে, যেটা পায় ইরান। ২০তম পেনাল্টি থেকে গোল করে পর্তুগিজদের রুখে দেয় দলটি।
‘সি’ গ্রুপে মঙ্গলবার ফ্রান্স-ডেনমার্ক ও অস্ট্রেলিয়া-পেরুর লড়াইয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ৩৮ ম্যাচ। এরই মধ্যে পেনাল্টি হয়েছে ২০টি! গড়ে দুই ম্যাচে একটিরও বেশি হারে হয়েছে পেনাল্টি।
২০১৪ সালের বিশ্বকাপে পুরো টুর্নামেন্টেই হয়েছিল ১৩টি পেনাল্টি, এবার গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার আগেই সেই সংখ্যা বেশ বড় ব্যবধানে পেছনে পড়েছে।
অবশ্য রাশিয়ায় সব পেনাল্টি থেকে সাফল্য আসেনি। ১২ গজ দূর থেকে শট নিয়ে লক্ষ্যভেদ হয়েছে ১৫ বার, মিস ৫টি। ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা, আইসল্যান্ডের জিলফি সিগুর্দসন, সৌদি আরবের ফাহাদ আল-মুওয়াল্লাদ ও পর্তুগালের রোনালদো।
সবচেয়ে বেশি দুটি করে পেনাল্টি পেয়েছে ইংল্যান্ড, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। দুটি করে গোল করে সফলতায় এগিয়ে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন ও সকারু অধিনায়ক মাইল জেডিনাক।








