ফেভারিট হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরু করা ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সেলেসাওরা এবার সাম্বার ছন্দ তুলতে প্রস্তুত শেষ ষোলোর ম্যাচে। সামারায় কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে সোমবার তাদের প্রতিপক্ষ মেক্সিকো।
সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল, এর সঙ্গে প্রীতি ম্যাচের চমৎকার পারফরম্যান্স ব্রাজিলকে রাশিয়ার আসরে বসিয়েছে ফেভারিটের চেয়ারে। যদিও শুরুটা এলোমেলো ছিল সেলেসাওদের। সুইজারল্যান্ডের বিপক্ষে ছন্দহীন ১-১ গোলের ড্রয়ের পর কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের জয় আসে ঘাম ঝরিয়ে। তাতে সংশয়ের মেঘ খানিকটা জন্মালেও সার্বিয়ার বিপক্ষে দেখা দেয় ঝকঝকে আকাশের। ইউরোপের দেশটির বিপক্ষে ২-০ গোলের জয়ে ফেরে ব্রাজিলের সাম্বার ছন্দ।
ছন্দটা মেক্সিকোর বিপক্ষেও ধরে রাখতে চায় ব্রাজিল। সেজন্য সামারার এই ম্যাচেও ব্রাজিল তাকিয়ে থাকবে ফিলিপে কৌতিনিয়োর দিকে। বিশ্বকাপ শুরুর পর নেইমারের চেয়ে বার্সেলোনা মিডফিল্ডারকে নিয়েই আলোচনা বেশি। গ্রুপ পর্বে দুবার লক্ষ্যভেদ করার পাশাপাশি চমৎকার পারফরম্যান্সে সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে দিচ্ছেন কৌতিনিয়ো। নেইমারও আগের ম্যাচে গোল করে ফিরেছেন ছন্দে।
দুশ্চিন্তা তবু কিছুটা থেকেই যাচ্ছে ব্রাজিলের। মার্সেলোর খেলা নিয়ে সংশয় কাটেনি। ‘ঘুমানোর সমস্যার কারণে’ পিঠের চোটে পড়া রিয়াল মাদ্রিদ লেফটব্যাক ফিট হতে না পারলে মেক্সিকোর বিপক্ষে তার জায়গায় দেখা যাবে অ্যাতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইসকে। চোট কাটিয়ে দানিলোর ফেরার খবর অবশ্য স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল ক্যাম্পে।
পুরো শক্তির ব্রাজিলকেই পাচ্ছেন কোচ তিতে। তাছাড়া সার্বিয়া ম্যাচের পারফরম্যান্স শেষ ষেলোর লড়াইয়ের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের আক্রমণে যেমন গতি ছিল, তেমনি মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখেছিল নিজেদের কাছে। প্রথম দুই ম্যাচে হারানো সাম্বার ছন্দ ফিরিয়েছে এনেছে তারা। সামারা অ্যারেনায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে আবারও সাম্বার ঢেউ তুলতে প্রস্তুত ব্রাজিল।








