চেনা রূপে পাওয়া যাচ্ছে না নেইমারকে। বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনাও চলছে খুব। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাবেক ক্লাব সতীর্থ ইভান রাকিতিচ অবশ্য তা মানেন না। তার মতে, উন্নতি করছেন পিএসজি তারকা।
প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে গোলের মধ্যেই ছিলেন নেইমার। কিন্তু মৌসুমের শেষ অর্ধে অ্যাঙ্কেলের চোটে ছিটকে পড়ে অস্ত্রোপচার করায় দুই মাসের বেশি সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। বিশ্বকাপের আগে ফিরে এসে ব্রাজিলের জার্সিতে গোলের দেখা পেলেও ফুটবল মহাযজ্ঞে ‘অচেনা’ এক নেইমারকে দেখা যায়। শেষ ষোলোর আগে সবচেয়ে বেশি গোলে শট করে লক্ষ্যভেদ করেছেন মাত্র একবার।
নেইমারের পারফরম্যান্সে সমালোচনার ঢেউ ওঠেছে ব্রাজিলেই। যদিও বিশ্বকাপে দুর্দান্ত নেইমারকেই দেখছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ রাকিতিচ। ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার বলেছেন, ‘নেইমার আমার পছন্দের খেলোয়াড়দের একজন। আমি সবসময় ওকে আমার দলে চাইব। ও অন্য ধাঁচের খেলোয়াড়, যেটা সবার পছন্দ নাও হতে পারে, ও এমনই। ও ফুটবল ভালোবাসে, তাই যে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত থাকে।’
বিশ্বকাপে নেইমার উন্নতি করছে বলেও মন্তব্য করেছেন তিনি, ‘ও বিশ্বের অন্যতম সেরা, আর নেইমার বিশ্বকাপে ভালো করার পথেই আছে। আমি নিশ্চিত বিশ্বকাপ চলার সময়ই আমরা ওর ফুটবল উপভোগ করব।’
নকআউট পর্বের ছকে কেবল ফাইনালেই দেখা হতে পারে নেইমার ও রাকিতিচের। অবশ্য সেজন্য তাদের দল ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে পেরোতে হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা। গোল ডটকম








