নকআউট পর্বে কলম্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের বিশ্বাস, মঙ্গলবারের এই ম্যাচের আগে দারুণ ফর্মে আছে তার দল। যেকোনও দলকে আঘাত করার সামর্থ্য আছে তাদের।
‘জি’ গ্রুপে তিউনিসিয়া ও পানামাকে উড়িয়ে দিয়ে বেলজিয়ামের কাছে হেরে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। বেলজিয়ামের বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে দল মাঠে নামান গ্যারেথ সাউথগেট। এবার তাদের সামনে কলম্বিয়ার চ্যালেঞ্জ। সেটা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে সুইডেন কিংবা সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে রাশিয়া কিংবা ক্রোয়েশিয়াকে লড়তে হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের।
২০০৬ সালের বিশ্বকাপের পর আর কখনও নকআউটের ম্যাচ জেতা হয়নি ইংল্যান্ডের। এবার সেই বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী তারা। ওয়েলবেক বলেছেন, ‘কলম্বিয়াকে নিয়ে আমরা আমাদের বিশ্লেষণ করব। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি, আমরা সেগুলো নিয়ে কাজ করব। আমাদের দলের খেলোয়াড়দের নিয়ে আমরা যেকোনও প্রতিপক্ষকে আঘাত করতে পারি।’
এই বিশ্বকাপে সেটপিচ থেকে দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। তাদের ৮ গোলের ৬টিই এসেছে কর্নার কিংবা ফ্রিকিক থেকে। তবে দল যেকোনও পরিস্থিতিতে গোল করতে পারে জানালেন ওয়েলবেক, ‘আমরা যে ফরমেশনে খেলি তাতে বল দখলেই বেশি মনোযোগী। কিন্তু আমরা সুযোগও তৈরি করতে পছন্দ করি। সেটপিচ থেকে গোল পাওয়া নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে অনেক গোলই হয়েছে সেটপিচ থেকে। আমরা সুযোগ তৈরি করেছি কিন্তু বিপজ্জনক জায়গাতে বেশি ফাউলের শিকার হয়েছি। এতে উন্মুক্ত জায়গা থেকে অনেক গোল করতে পারিনি আমরা।’ গোল ডটকম








