বিশ্বকাপে ডাইভ দেওয়া, গড়াগড়ি খাওয়া ও ফাউলের শিকার হওয়ার পর নেইমারের প্রতিক্রিয়াকে ‘নাটক’ আখ্যা দিচ্ছে অনেকে। শেষ ষোলোর ম্যাচ হেরে যাওয়ার পর মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও তো তাকে ‘অভিনেতা’ বলেছেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু দাঁড়ালেন নেইমারের পাশে।
নেইমার ‘অভিনেতা’ এমন দাবি প্রত্যাখ্যান করলেন ম্যানইউ ফরোয়ার্ড। বরং ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাঝে বিশ্ব সেরা হওয়ার আভাস পাচ্ছেন লুকাকু। বার্সেলোনার সাবেক তারকার দারুণ ভক্ত এই বিশ্বকাপে চার গোল করা বেলজিয়ান ফরোয়ার্ড।
নেইমারকে ‘দক্ষ নাকি একজন অভিনেতা’ হিসেবে দেখেন সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে লুকাকু বলেছেন, ‘দক্ষ। আমার কাছে সে একজন অভিনেতা নয়। তার বিপক্ষে যারা খেলে তাদের কঠিন হতে হয়। কারণ তার গুণ স্বাভাবিকের চেয়ে উপরে।’
ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীকে নিয়ে প্রশংসা করলেন লুকাকু, ‘আমি মনে করি ভবিষ্যতে নেইমার বিশ্বের সেরা একজন খেলোয়াড় হবে। আমি তার সঙ্গে দ্বিতীয়বার খেলতে যাচ্ছি বলে খুশি।’ গোল ডটকম








