বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে ‘জয়ের ক্ষুধা’ নিয়ে খেলবে ফ্রান্স। আরেকটি আকাঙ্ক্ষা আছে তাদের- ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী থিয়েরি অঁরি যে ভুল দল বেছে নিয়েছেন, সেটা ফ্রান্স প্রমাণ করতে চায় জানালেন দলের ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ।
২০ বছর আগে যেই ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন অঁরি, এবার সেই দলের বিপক্ষে ‘রণকৌশল’ সাজানোর অংশীদার হতে হচ্ছে তাকে। কারণ ফ্রান্সের সাবেক স্ট্রাইকার এখন বেলজিয়ান কোচিং স্টাফদের একজন।
বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেসের সহকারী হিসেবে এই বিশ্বকাপে ডাগআউটে আছেন অঁরি। ফ্রান্সের শীর্ষ গোলদাতাকে প্রতিপক্ষ শিবিরে দেখতে হবে বলে জিরুদের অনুভূতি অন্যরকম, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে থিয়েরিকে দেখব, এটা অদ্ভুত। তিনি যে ভুল ক্যাম্প বেছে নিয়েছেন সেটা প্রমাণ করতে পারলে আমি খুব গর্বিত হবো।’
ফ্রান্সের জার্সিতে ৫১ গোল করা অঁরিকে নিজ দলে দেখতে পারলে ভালো লাগতো জিরুদের, ‘আমাকে ও অন্য ফরাসি ফরোয়ার্ডকে পরামর্শ দিতে অঁরিকে আমাদের দলে পেলে খুব ভালো লাগতো। কিন্তু আমি ঈর্ষান্বিত নই।’
অতীতে কয়েকবার জিরুদ সমালোচিত হয়েছেন অঁরির কাছে। তবে ওসব মনে রাখেননি তিনি। এখন কেবল জয়ের ক্ষুধা নিয়ে বেলজিয়ামকে মোকাবিলা করতে চান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, ‘সে আমার সম্পর্কে কিছু বলেছিল কয়েক বছর আগে। আমার কাজ হলো মাঠে ভালো করা এবং যতটা সম্ভব ভালোভাবে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা। এটাও তার জন্য স্বাভাবিক একটা ম্যাচ। আমি (ফ্রান্সের সতীর্থদের মধ্যে) আমার জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দিতে চাই।’ রয়টার্স








