জমানো ক্ষোভটা উগড়ে দিলেন জর্ডান পিকফোর্ড। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়ার সমালোচনার জবাব দিলেন ইংলিশ গোলরক্ষক। যদিও জর্ডান সমালোচনা ‘গায়ে মাখেন না’ বলে মন্তব্য করেছেন।
কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছিল পিকফোর্ডকে। বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের ১-০ গোলের হারের পর ইংলিশ গোলরক্ষককে তার দেশের মানুষই ধুয়ে দিয়েছিল। এমনকি তার সাবেক ক্লাব সান্ডারল্যান্ডের সতীর্থরাও নেতিবাচক মন্তব্য করেছিলেন ২৪ বছর বয়সী স্টপারকে নিয়ে। সেই তালিকায় ছিলেন ওই ম্যাচের প্রতিপক্ষের গোলবারের নিচে দাঁড়ানো কোর্তোয়া। বেলজিয়াম গোলরক্ষক পিকফোর্ডের ‘উচ্চতা’ ও ‘টেকনিক’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বেলজিয়াম জিতেছিল আদনান ইয়ানুজাইয়ের লক্ষ্যভেদে। পিকফোর্ডের ‘দোষে’ গোলটি হজম করতে হয়েছিল বলে মন্তব্য করেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক কোর্তোয়া। যদিও চেলসি তারকা পরে জানিয়েছিলেন, ‘ইচ্ছা করে’ পিকফোর্ডের সমালোচনা করেননি তিনি।
ইংলিশ গোলরক্ষক অবশ্য সমালোচনা নিয়ে খুব একটা ভাবেনও না। তবে কোর্তোয়ার কথার জবাবটা ঠিকই দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের কাছে এভারটন গোলরক্ষক বলেছেন, ‘(সমালোচনা) আমাকে খুব একটা প্রভাবিত করে না। এটা শুধুই একটা ফুটবল খেলা। সমালোচনার মতো কোনও কিছু আমার ওপর প্রভাব বিস্তার করতে পারে না। আমি একজন স্বাভাবিক ছেলে। আর এটা শুধুই ফুটবল।’
কোর্তোয়ার করা সমালোচনার জবাব দিয়েছেন পরের কথাতে। পিকফোর্ড নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বলে, ‘অনেক মানুষ আমার বয়স কমের সঙ্গে এটাও চিন্তা করে, প্রিমিয়ার লিগে মাত্র দুই মৌসুম আমি খেলছি। তবে আমি মোটেও মনে করি না, তার (কোর্তোয়ার) সঙ্গে আমার পার্থক্যটা খুব বেশি।’
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডের ‘নাম্বার ওয়ান’-এর সঙ্গে ফাইনালে আমার দেখা হয়ে যেতে পারে কোর্তোয়ার। সেমিফাইনাল জিতলেই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি দাঁড়িয়ে যাবে ইংল্যান্ড-বেলজিয়াম। তার আগেই জমে উঠেছে গোলরক্ষকদের কথার লড়াই! গোল ডটকম








