যে কোনও টুর্নামেন্টের সেমিফাইনাল মানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচ রং পাল্টাতে থাকে বারবার। যেমনটি ঘটেছিল কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে। কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলেও টাইব্রেকারে আর্জেন্টাইনদের জিতিয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তার বীরত্বেই শুটআউটে ৩-২ গোলে জিতে ফাইনালে পৌঁছেছে মেসিবাহিনী।
অবশ্য শুটআউটে শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আজেবাজে কথা বলে কলম্বিয়ান খেলোয়াড়দের রাগানোর চেষ্টা করছিলেন মার্তিনেজ। পাশাপাশি গোলবারের নিচে নিজের দায়িত্বটাও পালন করেছেন নিপুণহাতে! তিনটি অসাধারণ সেভ করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। রুখে দেন সানচেজ, মিনা ও কারদোনার শট!
তার অসাধারণ সব সেভের পর দল ফাইনালে ওঠায় প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন গোলকিপার বলেছেন, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। ওরা দারুণভাবে খেলে আমাদের পেনাল্টিতে নিয়ে গেছে। ভাগ্যের প্রশ্নটা আসে এখানেই। গৌরবান্বিত হওয়াটা আজ আমার ভাগ্যে লেখা ছিল।’
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচটায় ফাউল হয়েছে ৪৬টি! হলুদ কার্ডও বেরিয়েছে ১০টি! এমন ম্যাচ জেতার পর অশ্রুসিক্ত নয়নে মার্তিনেজ বলেছেন, ‘আমাদের দলটা অসাধারণ, ফেভারিট। পাশাপাশি কোচও মহান একজন। দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই আমরা ফাইনাল জেতার চেষ্টা করবো।’
এবার ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের অপেক্ষা। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে রবিবার ভোর ৬টায়।









