টাইব্রেকারে তেকাঠির নিচে দাঁড়িয়ে তিনটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন এমিলিয়ানো মার্তিনেস। এমন পারফরম্যান্সের পর চারদিক থেকে বাহবা পাচ্ছেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসার বৃষ্টিতেও ভিজছেন এমিলিয়ানো।
বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে অভিষেক এই আর্জেন্টাইন গোলকিপারের। নিজের সপ্তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নায়ক বনে গেলেন ২৮ বছর বয়সী এমিলিয়ানো। কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনা ৩-২ গোলে জিতে ফাইনালে উঠেছে। যার পুরো কৃতিত্বটাই এমিলিয়ানোর।
দুর্দান্ত পারফরম্যান্সে এই গোলকিপার দলের প্রাণভোমরা মেসির প্রশংসাও পেয়েছেন। সেমিফাইনাল জয়ের পর মেসি বলেছেন, ‘আমাদের একজন এমি (এমিলিয়ানো মার্তিনেস) আছে। সে একজন ফেনোমেনন।’
গোলবারের নিচে দাঁড়িয়ে সতীর্থদের আস্থার প্রতিদান দিয়েছেন এমিলিয়ানো। সেটি প্রকাশ পায় মেসির পরের কথায়, ‘আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম। বিশ্বাস ছিল। আমরা লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি। প্রতিযোগিতায় সব ম্যাচ খেলার লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমরা ফাইনালে।’
মেসির পাশাপাশি কোচ লিওনেল স্কালোনিও এমিলিয়ানোর ভূয়সী প্রশংসা করেছেন, ‘আমরা অনেক খুশি এমিলিয়ানোর পারফরম্যান্স দেখে। শুধু পেনাল্টির জন্য নয়, যেভাবে সে খেলেছে তা প্রশংসনীয়।’









