লা লিগায় শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে এসে তিক্ত অভিজ্ঞতা নিতে হয়েছে। নিজেদের মাঠে হারতে হয়েছে শেরিফ তিরাসপলের কাছে। শেষ মুহূর্তে গোল খেয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
অথচ ম্যাচের বড় অংশ জুড়ে রিয়ালের প্রাধান্য ছিল। তাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে মলদোভিয়ান ক্লাবটিকে। ৭৫ ভাগ বল দখলে রেখে রিয়াল মাদ্রিদ দাপট দেখিয়েছে। কিন্তু শেরিফ তিরাসপল তাদের আক্রমণ রুখে দিয়ে সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করেছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৫ মিনিটে শেরিফ প্রথম গোল করে এগিয়ে যায়। বা প্রান্ত থেকে ক্রিস্তিয়ানোর ক্রসে ইয়াসিবোয়েভ দলকে এগিয়ে নেন। বিরতির পর অবশ্য রিয়াল মাদ্রিদ ম্যাচে সমতায় ফেরে।
৬৫ মিনিটে ভিনিসিয়াসকে বাধা দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। করিম বেনজেমা লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার কম চেষ্টা হয়নি। কিন্তু সফল হতে পারেনি আনচলেত্তির দল। বরং অবিশ্বাস্যভাবে শেষের দিকে গোল করে ম্যাচ জিতে যায় শেরিফ।
৮৯ মিনিটে লুক্সেমবার্গের মিডফিল্ডার থিল দলকে মূল্যবান জয় এনে দেন। ট্রাওরের পাসে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জাল কাঁপান এই মিডফিল্ডার। গোলকিপার কোর্তোয়া কিছুই করতে পারেননি।
‘ডি দুই রাউন্ড শেষ অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছে দলটি। টানা দুই জয়ে তাদের পয়েন্ট ৬। রিয়ালের প্রথম হারে আগের ৩ পয়েন্ট নিয়ে থাকতে হচ্ছে।








