কঠিন ম্যাচ জিতে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড। শেষের দিকে এসে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর লক্ষ্যভেদে শেখ জামালকে হারিয়ে ট্রফি থেকে এখন দুই ম্যাচ দূরে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দলটি। জয়ের আনন্দের মাঝে অগাস্তোর প্রশংসা করতে ভুল হয়নি আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটিতে উত্তেজনা কম ছিল না। দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সফল হয়েছে আবাহনী। রাফায়েল অগাস্তো জয়সূচক গোল করে দলে স্বস্তি ফেরান। ম্যাচ শেষে মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জিতে সেমিফাইনালে পৌঁছে গেছি, এটা ভালো দিক। তবে প্রচণ্ড গরমে খেলতে খেলোয়াড়দের অনেক কষ্ট করতে হয়েছে। আসলে সুযোগ পেয়ে গোল করাটা হলো বড় দিক। আমরা তা করতে পেরেছি বলেই ম্যাচ জিতেছি। তবে ওরাও ভালো খেলেছে। কিন্তু ভাগ্য ওদের সহায় হয়নি।’
কলিনদ্রেসের কর্নারে অগাস্তো দারুণ হেডে লক্ষ্যভেদ করেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রশংসা করে লেমস বলেছেন, ‘অগাস্তো অনেক ভালো ফুটবলার। আজ যেভাবে গোল দিয়েছে, এমন কিছু অনুশীলনে নিয়মিত দেখা যায়। তবে ফিনিশিংটা আমাদের আরও ভালো হলে গোল বেশি হওয়ার সুযোগ ছিল।’
শুক্রবার আবাহনীর পরের ম্যাচ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে। লেমস তাই চিন্তিত, ‘আসলে এই গরমে দুই দিন বিরতির পর লিগের ম্যাচ খেলতে হবে। এমনিতে রমজান মাস চলছে। তাই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। তারপরও সবাই পেশাদার ফুটবলার, আশা করছি ইতিবাচক হবে সবকিছু।’








