গোলপোস্টের সামনে অদম্য আর্লিং হাল্যান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকার শনিবার জোড়া গোল করলেন। লিস্টার সিটির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়াামে ৩-১ গোলে জিতলো ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে পৌঁছালো তারা।
দুই ম্যাচ আগেও দুই দলের পয়েন্ট ব্যবধান আটে ছিল। মৌসুমের ২২তম জয়ে তিন পয়েন্টে নামালো সিটিজেনরা। ৩০ ম্যাচ শেষে তাদের অর্জন ৭০ পয়েন্ট। সমান খেলে ৭৩ পয়েন্ট আর্সেনালের।
জন স্টোনসের গোলে লিড নেয় ম্যানসিটি। এরপর হাল্যান্ড করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে তাকে উঠিয়ে নেওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হারান ২২ বছর বয়সী স্ট্রাইকার। পরে একটি গোল শোধ দেয় লিস্টার।
ম্যানসিটির এগিয়ে যেতে লেগেছে মাত্র ৫ মিনিট। কর্নার থেকে উড়ে আসা বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেনি লিস্টার। রদ্রির হেড নিচু হয়ে পড়ে জন স্টোনসের সামনে। বক্সের প্রান্ত থেকে জাল কাঁপান তিনি।
১২ মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রসে বল বক্সের মধ্যে লিস্টারের খেলোয়াড় উইলফ্রেড এনডিডির হাতে লাগে। ভিএআরে রেফারি পেনাল্টি দিলে ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। আধঘণ্টার মধ্যে তৃতীয় গোল করে ম্যানসিটি। এনডিডির কাছ থেকে বল কেড়ে নিয়ে হাল্যান্ডের দিকে বাড়ান। চমৎকার ফিনিশিংয় নিজের দ্বিতীয় গোল করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৭তম গোলের দেখা পান হাল্যান্ড।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে দ্বিতীয়ার্ধে হাল্যান্ডকে বিশ্রাম দেন পেপ গার্দিওলা। আর গোলের দেখা পায়নি সিটিজেনরা। বরং ৭৫ মিনিটে এক গোল হজম করে স্বাগতিকরা। তিন মিনিট আগে প্রথমবার লক্ষ্যে শট নেয় তারা। প্রায়েটের শট রুখে দেন এডারসন। তবে কিছুক্ষণ পরই গোলের দেখা পায় অতিথিরা। কর্নার থেকে সাউটারের হেড এডারসন ফিরিয়ে দিলেও সাবেক ক্লাবের খালি জালে বল জড়ান ইহিনাচো।









