ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা হয়েছিল বাজে। প্রথম তিন ম্যাচে জিততে পারেনি। লিভারপুল চতুর্থ ম্যাচে এএফসি বোর্নমাউথকে ৯-০ গোলে উড়িয়ে লিগে রেকর্ড গড়ে জয়ে ফেরে। গত মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে হারায় অলরেডরা। গোল উৎসব করে ওই ম্যাচ স্মরণীয় করেছিল তারা। কিন্তু সোমবার লিডস ইউনাইটেডের মাঠে ৬-১ গোলের জয় পুরোপুরি তৃপ্ত করলো কোচ ইয়ুর্গেন ক্লপকে।
ম্যানইউকে হারানোর পর চার ম্যাচ ধরে জয়খরায় ছিল লিভারপুল। এর মধ্যে দুটি করে হার ও ড্র জুটেছিল তাদের কপালে। তারা জয়ে ফিরলো গোল উৎসব করে এবং এই ম্যাচকে মৌসুমের সেরা বললেন জার্মান কোচ।
প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও ম্যানইউর বিপক্ষে বড় জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সকে হারিয়েছিল ৭-১ গোলে। কিন্তু ক্লপ গোলের সংখ্যা নয়, খেলোয়াড়দের বিচার করেন পারফরম্যান্সের ভিত্তিতে।
লিভারপুলের কোচ বললেন, ‘ছয় গোল করা নিয়ে আমি ভাবছি না, পারফরম্যান্স মূল বিষয়। এটা ছিল জয়ের পারফরম্যান্স। সঠিক মুহূর্তে প্রতিক্রিয়া দেখাতে পারলে আমরা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারি। কাউন্টার প্রেসিং কেন কাজ করছিল না (মৌসুমের শুরুতে), আমি সেটা ব্যাখ্যা করতে পারছি না। কিন্তু আজ রাতে সেটা কাজ করেছে।’
গত মৌসুমের রানার্সআপরা এবার শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য চার নম্বর জায়গা নিশ্চিতের লড়াইয়ে তারা। ৮ ম্যাচ হাতে রেখে চতুর্থ স্থান থেকে ৯ পয়েন্ট দূরে লিভারপুল (৪৭)।









