টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট হারালো। কারণটা হতে পারে ক্লান্তি। এক সপ্তাহের মধ্যে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল তারা বৃহস্পতিবার। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে তারা এগিয়ে থেকেও করে ২-২ গোলের ড্র। তবে ঠাসা সূচিকে অজুহাত হিসেবে দেখাতে নারাজ কোচ এরিক টেন হ্যাগ। তার মতে, কিছু খেলোয়াড় টটেনহ্যামের বিপক্ষে শতভাগ দেননি।
জ্যাডন সানচো ও মার্কাস র্যাশফোর্ডের গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। বিরতির পর পেদ্রো পোরো ও সন হিউং মিনের গোল তাদের জিততে দেয়নি। সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পর চারদিন আগে ম্যানইউ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সঙ্গে এফএ কাপ সেমিফাইনাল খেলে। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ, ব্যস্ত সূচি একটা ব্যাপার মানলেও এটাকে অজুহাত দেখাতে চান না ম্যানইউ কোচ। বরং আঙুল তুলেছেন খেলোয়াড়দের দিকেই।
টেন হ্যাগ ম্যাচের পর বলেন, ‘ঠিকঠাক হওয়ার জন্য যথেষ্ট সময়। আমাদের খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হতো। আজ আমরা প্রস্তুত ছিলাম না। কেউ কেউ ভেবেছিল ৯০ শতাংশ যথেষ্ট, কিন্তু আমরা ফোকাস হারালাম। এই কারণেই আমরা গোল করেও জয় হাতছাড়া করেছি। আমরা আমাদের কাজটা করিনি।’
‘আমি জানি তারা রোবট নয় এবং এটা কঠিন সূচি। কিন্তু যখন আপনি ম্যানইউর হয়ে খেলবেন এবং প্রতিপক্ষের মাঠে, তখন আপনাকে প্রতিটি সময় (সবটুকু) দিতে হবে।’, যোগ করেন কোচ।
টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ রায়ান ম্যাসন আনন্দে ভাসছেন। আগের ম্যাচে নিউক্যাসেলের কাছে ৬-১ গোলে হারের পর দলের এই প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত তিনি, ‘ফুটবলে আপনি জিতবেন, হারবেন, ড্র করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটি দল হিসেবে সংঘবদ্ধ ছিলাম এবং কাজ করেছি। আমার দলের মধ্যে লড়াই করার ইচ্ছা আছে।’
এই ড্রয়ে তিন নম্বর দল নিউক্যাসেলের (৬২) চেয়ে এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পেছনে ম্যানইউ। আর ড্র করে টটেনহ্যাম অ্যাস্টন ভিলার সমান ৫৪ পয়েন্ট পেয়েও গোলব্যবধানে এক ধাপ উপরে পাঁচে উঠে গেছে।









