কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন মাঠে টার্ফের অবস্থা তেমন সুবিধার নয়। দীর্ঘ ব্যবহারের কারণে তা বলতে গেলে অনেকটাই খেলার অনুপযোগী হয়ে উঠেছে। তবে আশার কথা হলো ফিফার অর্থায়নে আবারও দুই মাঠে টার্ফ বসানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার নির্মাণের অগ্রগতির কথাও শোনা গেছে। দুটি টার্ফ ও টেকনিক্যাল সেন্টার মিলিয়ে ফিফা থেকে ৬৬ লাখ ডলার সহায়তা মিলবে। তার মধ্যে দুটি টার্ফের জন্য ৩০ ও টেকনিক্যাল সেন্টারের জন্য ৩৬ লাখ ডলার ব্যয় হবে।
বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কমলাপুর ও ফেডারেশনের টার্ফের অবস্থা ভালো নয়। এখানে দুটো টার্ফ বসানোর সম্ভাবনা আছে। এর আগে ক্রীড়া পরিষদের সঙ্গে মাঠ নিয়ে ১০ বছরের জন্য লিজ লাগবে। এখন আছে ৯ বছরের। আরও দু’বছরের জন্য তা করতে পারলে তখন টার্ফের কাজ করতে পারবো।’
ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অধীনে টার্ফ ছাড়াও কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার স্থাপনের কাজে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘কক্সবাজারে জমির জন্য কাজ করছিলাম, জমি পেয়েছি। এই জমির ওপর ডিজাইন করতে হবে। তারপর ফিফাকে পাঠাতে হবে। তা অনুমোদন হলেই কাজ হবে। সিদ্ধান্ত নিয়েছি ওপেন টেন্ডার করবো।’
এছাড়া সভাতে ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল লিগের অনুমোদনও হয়েছে। নারী লিগকে শুভকামনা জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘অনুমোদন হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের। এটা কঠিন কাজ, আশা করছি তারা সফল হবে। লিগ (ঢাকার লিগ) খেলে কিছু কিছু খেলোয়াড় টাকা পায়। এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেললে ওরা উপকৃত হবে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেললে ওরা উন্নতি করতে পারবে।’
এছাড়া সিঙ্গাপুরে অনূর্ধ্ব -১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশ দলের খেলোয়াড়দের অভিনন্দনের পাশাপাশি ধন্যবাদ জানানো হয়েছে।









