খেলোয়াড়ী জীবনে বার্সালোনার কিংবদন্তি তিনি। জিতেছেন ৮টি লা লিগা। কোচ হয়ে আসার পর সেই জাভি হার্নান্দেজই শিরোপার দেখা পেলেন প্রায় দুই বছরের কম সময় পর। তাতে আক্ষেপ ঘুচেছে বার্সেলোনার। তার হাত ধরেই যে চার বছর পর লা লিগা শিরোপা জিতেছে কাতালানরা।
রোনাল্ড কোম্যান দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে এসেছেন জাভি। দায়িত্ব পেয়ে দলকে লিগের চূড়ায় আনতে পারার কৃতিত্ব তারই। তাইতো নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে অনুভূতি জানালেন এভাবে, ‘বলা যায় চমৎকার অনুভূতি। ১০ মাসেরও কম সময়ের পরিশ্রম, ত্যাগ স্বীকারের ফল। ছেলেরা অসাধারণ কাজ করেছে।’
বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৮-১৯ মৌসুম। তখন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজরা মূল ভরসা ছিলেন দলের। তার পর ক্লাবটির আর্থিক দুর্দশার বলি হয়ে তারা দল ছেড়ে গেলে বার্সাকেও ভুগতে হয় অনেক। দীর্ঘদিন ছিল না কোনও ট্রফি! অবশেষে সাফল্য আসায় সেটা ভবিষ্যতের জন্যই মহাগুরুত্বপূর্ণ মনে করেন বার্সা কোচ, ‘ভক্ত, ক্লাবের জন্য শিরোপা জয় আসলে চলমান প্রকল্পের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই পথেই এগিয়ে যেতে হবে।’
লিগ শিরোপা জিতলেও এখনও অসম্পূর্ণ কাজ বাকি বলে জানালেন জাভি। আর সেটা হচ্ছে ইউরোপিয়ান টুর্নামেন্টে, ‘লিগ জয়টা মনে করিয়ে দেয় সব কিছু ঠিকঠাক মতোই চলছে। আমাদের মাঝে স্থিতিশীলতা আনছে। তার পরেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় আমাদের অসম্পূর্ণ কাজ বাকি।’
অসম্পূর্ণ এজন্যই বলা হচ্ছে গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সা শেষ ষোলো-ই অতিক্রম করতে পারেনি। অথচ ২০০৫-১৯ পর্যন্ত জিতেছে চারটি চ্যাম্পিয়নস লিগ। জিতেছে ১০টি লা লিগা শিরোপাও। কিন্তু ২০১৪-১৫ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর ক্লাবটি সেমিতেই পৌঁছাতে পেরেছে মাত্র একবার।
এবার অবশ্য ঘরোয়া ফুটবল দিয়েই ভাগ্য ফিরেছে তাদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। ৪ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে লা লিগা শিরোপা। জাভি জানালেন ব্যর্থতার সময়টায় তিনি ভীষণ চাপ অনুভব করেছিলেন, ‘এই সময়ে আমার স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, স্টাফরা অনেক কিছু সহ্য করেছে। তার পরেও তারা হাল ছেড়ে দেয়নি। স্পেনে সমালোচনা খুবই স্বাভাবিক বিষয়। খেলোয়াড় হিসেবেও আমি এটা সহ্য করেছি। কিন্তু আমিও একগুঁয়ে। শেষ পর্যন্ত পরিশ্রমের ফল হাতে পেয়েছি।’








