ইংলিশ ফুটবলে উড়ছে ম্যানচেস্টার সিটি। আর ইউরোপিয়ান মঞ্চে অদম্য এক ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠা ইন্টার মিলানকে শিরোপার লড়াইয়ে এই দুটি দলের যে কোনও একটির মুখোমুখি হতে হবে। আগামী ১০ জুন ইস্তানবুলের ফাইনালে নিজেদের আন্ডারডগ বললেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।
২-০ গোলে প্রথম লেগ জেতা ইন্টার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে ১০ বছর পর ফাইনালে উঠেছে। নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের নকআউটে বিদায় করেছে তারা। মঙ্গলবার সান সিরোয় ৭৪তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ৩-০ গোলের অগ্রগামিতায় উতরে গেছে ইনজাগির দল।
বুধবার ম্যানসিটি ও রিয়ালের দ্বিতীয় লেগ শেষে চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। এই ম্যাচে কার মুখোমুখি হতে চান, এমন প্রশ্নে ইনজাগি বললেন, ‘যখন সিটি কিংবা রিয়ালের মুখোমুখি হবেন, তখন আপনি আন্ডারডগ, এটাই স্বাভাবিক। কিন্তু ফুটবল সবসময় উন্মুক্ত। আমরা গত বছর রিয়াল মাদ্রিদকে খেলেছিলাম, দুটোতেই হেরেছি, কিন্তু ভালো খেলে। ম্যানচেস্টারকে নতুন করে চেনানোর দরকার নেই, আমরা দেখবো এবং যে আসার আসবে।’
আসন্ন প্রতিদ্বন্দ্বীর মধ্যকার দ্বিতীয় লেগ পাখির চোখ করে দেখবেন ইন্টার কোচ, ‘যার সঙ্গেই আমাদের লড়াই করতে হোক না কেন, আমরা হবো দুর্ভাগা। কারণ তারা দুটোই অসাধারণ মানের দুর্দান্ত ক্লাব। আমি কালকের (বুধবার) ম্যাচ দেখবো, যেভাবে প্রথম লেগ দেখেছিলাম। অবশ্যই এটা আমার খুব নিবিড়ভাবে দেখবো।’








