বাফুফের আর্থিক অনিয়ম নিয়ে গঠিত তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। ৩০ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এরই মধ্যে চারটি সভা করেছেন। রবিবার চতুর্থ সভা শেষে এই সংগঠকের উপলব্ধি তদন্তের কাজ ঠিকঠাক এগিয়ে চলেছে।
ফিফার অভিযোগ নিয়েই তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথাও বলছে। বাফুফে ভবনে চতুর্থ সভা শেষে কাজী নাবিল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ তদন্ত কমিটির চতুর্থ সভা ছিল। ফিফার যে অভিযোগ ছিল তা খতিয়ে দেখছি। আজকেও কিছু কর্মকর্তাকে ডেকে তাদের কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়েছি। যেহেতু তদন্ত কমিটির হয়ে আমাদের ডিটেইলস বলার কিছু থাকে না। তবে সবার সহযোগিতায় তদন্ত অগ্রসরমান আছে।’
পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে কাজী নাবিল আরও জানিয়েছেন, ‘আমাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটা করছি। নির্দিষ্ট আরও কিছু তথ্য-উপাত্ত বের করার কাজ করছি। যেহেতু একটা অভিযোগ এসেছে, নিশ্চয়ই কিছু বিষয় আছে। সেগুলো আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। কোথায় কোথায় সমস্যা আছে তা দেখছি।’
তবে তদন্ত পুরো শেষ করতে আরও কয়েকটি সভা করতে হবে বলে জানিয়েছেন বাফুফের অন্যতম সিনিয়র এই সভাপতি, ‘নির্দিষ্ট করে কাজ করতে পারছি। চারটা মিটিং করেছি। আরও তিন -চারটা সভা আছে। আমরা সন্তুষ্ট যে কাজ অগ্রসরমান। আগে থেকে কিছু ধরে নিয়ে অগ্রসর হওয়া যাবে না। মনগড়া নিয়ে কিছু করা যাবে না। তদন্ত করে দেখতে হবে কী আছে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘৩০ কার্যদিবসের মধ্যে চেষ্টা করছি সবকিছু করতে। আমরা কোনও জায়গা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছি না। কাজ সুন্দরভাবে হচ্ছে, কোনও সমস্যা দেখা দিচ্ছে না। বিশেষ করে তথ্য পাওয়ার ক্ষেত্রে কিংবা জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে।’









