আগের ৫ ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনাল জিতে যিনি ৫ শিরোপা ঘরে তুলেছেন। তার কাছে একমাত্র ব্যর্থতা হিসেবে পরাজয়ের কোনও স্মারক বড্ড বেমানান। তাই ইউরোপা লিগে সেভিয়ার কাছে শুটআউটে হারের পর রানার্সআপ পদকটা নিজের কাছে রাখলেন-ই না হোসে মরিনহো। সঙ্গে সঙ্গে সেটা স্টেডিয়ামের গ্যালারিতে এক খুদে সমর্থককে লক্ষ্য করে ছুড়ে দিয়েছেন।
পরাজয়টা যে তার মানসিকস্থিতি নাড়িয়ে দিয়েছে সেটা পরে বোঝা গেছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, ‘দলটাকে এতদূর নিয়ে আসার পর আমি খুব ক্লান্ত। ক্লান্ত দলের মুখপাত্র হয়ে, সব কিছু নিয়ে লড়াই করে।’
গত বছর উয়েফার উদ্বোধনী কনফারেন্স লিগের শিরোপা জেতা মরিনহো ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন, ‘তাই বলে বলা যায় না যে আমি এখানেই থাকবো। পর্তুগিজ দল থেকে প্রস্তাব আসার পর আমি ক্লাবের সঙ্গে গত ডিসেম্বরে কথা বলেছিলাম। তার পর থেকে কারও সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। আমার চুক্তির আরও এক বছর বাকি। তার মাঝেই এই অবস্থা...।’
ইউরোপিয়ান কোনও প্রতিযোগিতার ফাইনালে এটাই প্রথম হার মরিনহোর। পরাজয়টাকে অন্যায্য বললেও শিষ্যদের নিয়ে গর্ব করছেন তিনি, ‘আমরা শারীরিকভাবে অবসন্ন। কিন্তু আমাদের বিশ্বাস পরাজয়টা অন্যায্য; কারণ অনেগুলো বিতর্কিত ঘটনা ঘটেছে। হয়তো এই ম্যাচ হেরেছি। কিন্তু এর চেয়েও গর্ব নিয়ে বাড়ি ফিরছি।’









