শক্তিশালী লেবাননের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে বাংলাদেশ। যদিও শেষ দিকে এসে খেই হারাতে হয়েছে। নিজেদের ভুলে দুই গোল হজম করে পয়েন্ট হারাতে হয়েছে। এখন সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে মালদ্বীপ ও ভুটান ম্যাচ থেকে পয়েন্ট নিতে হবে।
আজ শুক্রবার বেঙ্গালুরুতে অনুশীলনে আগের ম্যাচের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে হাভিয়ের কাবরেরার দল। মিডফিল্ডার সোহেল রানা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘একটা ম্যাচ হেরে গেছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এখন দলের বন্ধনটা ধরে রাখতে হবে। কারও ওপর দোষ চাপাচ্ছি না। মনোযোগ দিচ্ছি কীভাবে এ থেকে বের হয়ে মালদ্বীপের বিপক্ষে ভালো ফল করতে পারি।’
স্প্যানিশ কোচ কাবরেরাও দলকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে চলেছেন। সোহেল রানার ভাষায়, ‘কোচ বলছেন, সব কিছু ইতিবাচক। ভালোভাবে চলছে। যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে হবে।’
লেবানন ম্যাচে নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। এছাড়া সুযোগ পেয়েও এর আগে গোল করতে পারেনি বাংলাদেশ। আত্মপক্ষ সমর্থন করে সোহেল রানার উপলব্ধি, ‘প্রতিটি খেলোয়াড় চায় দলের হয়ে মাঠে সেরাটা দিয়ে খেলতে। ওটাই চায়, যেন দল ভালো খেলে। দলকে সহযোগিতা করার চেষ্টা থাকে।’
নিজের ব্যক্তিগত ইচ্ছার কথা জানাতে ভুল হয়নি বসুন্ধরা কিংসের মিডফিল্ডারের, ‘আমার চেষ্টা থাকবে ভালোভাবে দলকে সহযোগিতা করা। ভালো কিছু যেন করতে পারি। মালদ্বীপের বিপক্ষে আত্মবিশ্বাস আছে ভালো করতে পারবো। প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস আছে এই ম্যাচটা আমরা জিততে পারবো।’








