নির্ভরযোগ্য মিডফিল্ডার ইলকাই গুন্দোগানকে রেখে দেওয়ার ইচ্ছা ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু ৩২ বছর বয়সী জার্মান তারকা কোনওভাবেই সিটিতে থাকতে রাজি হননি। বার্সেলোনায় চলে যাওয়ায় তার বিকল্প হিসেবে চেলসি থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচকে কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ট্রেবল জয়ীরা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২৯ বছর বয়সীকে তারা চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে। প্রাথমিকভাবে যার ফি ধরা হয়েছে ২৫ মিলিয়ন পাউন্ড। তার ওপর সম্ভাব্য ৫ মিলিয়ন পাউন্ড বিভিন্ন খাত থেকে যোগ হবে।
কোভাচিচ চেলসিতে পাঁচ বছরের মতো কাটানোর পর সিটিতে যোগ দিচ্ছেন। ব্লুদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ শিরোপা। চেলসির হয়ে মোট ২২১ ম্যাচ খেলেছেন তিনি।
ট্রান্সফার ইউন্ডোতে এটাই সিটির প্রথম সাইনিং। কোভাচিচ ইংলিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বলেছেন, ‘আমার দল বদলে গৌরবান্বিত একটা অধ্যায়। এখন সিটির হয়ে খেলার জন্য আর তর সইছে না। যারা পেপ গার্দিওলার দলটিকে দেখেছে, তারা জানে কতটা ভালো এই দল। আমার কাছে তারা বিশ্বসেরা।’









