আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার চুক্তির খবর শোনা গিয়েছিল। যা বুধবার মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। বিশেষ করে সোল দা মায়ো এই সংক্রান্ত একটি ছবি ও নিউজ পোস্ট দিলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। যদিও প্রায় ঘণ্টাখানেক যেতে না যেতেই তা ফেসবুক থেকে মুছেও ফেলেছে ক্লাবটি।
জামাল অবশ্য বাংলা ট্রিবিউনের কাছে এই বিষয়ে কোনও চুক্তির কথা স্বীকার করেননি। তবে সেই পথে যে আছেন তার ইঙ্গিত দিয়েছেন। এছাড়া নেদারল্যান্ডসে ছুটি কাটাচ্ছেন বলে দাবি করেছেন। তবে দিন শেষে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে জামাল সবকিছু অস্বীকার করে লিখেছেন, ‘আমি কোনও ধরনের চুক্তি স্বাক্ষর করিনি। অথচ দেখছি লোকজন আমাকে নিয়ে নানান কিছু লিখছে, ছবি দিচ্ছে। লিখছে আমি অন্য কোথায় যাচ্ছি। আসলে আমি বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছি।’








