টানা চার ম্যাচ জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। শীর্ষস্থান থেকে নামতে নামতে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের চারে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। জয়ের দেখা পাবে তো রবিবার? আজ লুটন টাউনের মাঠে নামবে সিটিজেনরা। কিন্তু আক্রমণভাগে সেই ধার হয়তো থাকবে না। কারণ পায়ের পাতার ইনজুরিতে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন লিগের শীর্ষ গোলদাতা আর্লিং হাল্যান্ড।
কেনিলওর্থ রোড সফরে সিটির সঙ্গে যেতে পারেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ১৪ গোল করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হাল্যান্ড। গত দুই ম্যাচে স্কোর করতে ব্যর্থ হন তিনি। গত বুধবার অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হারের ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায়নি।
এই মৌসুমে সবগুলো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন হাল্যান্ড। সিটিজেনদের আশা, এই ইনজুরি গুরুতর নয়। তবে কবে ফিরবেন, তা নিশ্চিত নয়। ম্যানসিটির পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।









