অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড কিংস অ্যারেনার মাঠকে কর্দমাক্তসহ নানান অসঙ্গতি তুলে ধরেছেন। দুই গোলে জিতেও তৃপ্তি ছিল না তার। ঘুরে ফিরে মাঠই বড় কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা এরপরই সংবাদ সম্মেলনে এসে তার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন।
কাবরেরা বলেছেন, ‘মাঠ কর্দমাক্ত ছিল না। ভারী ছিল। এখন কে কীভাবে দেখে তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমরা এই মাঠে বেশ দৌড়ে খেলেছি। হয়তো আমাদের তাতে সুবিধা হয়েছে। ওদের জন্য কিছুটা সমস্যা ছিল। মাঠ পুরোপুরি খেলার উপযুক্ত ছিল। বৃষ্টির পর এমন হতেই পারে। তবে অনুপযুক্ত নয়। এখন ওরা শীর্ষ সারির ফুটবল দল, ওরা তো বলবেই। মাঠটি ভারী ছিল। তবে এখানে ঠিকঠাক ম্যাচ খেলা গেছে।’
ম্যাচে রাকিবদের পারফরম্যান্স দেখে খুশি কাবরেরা, ‘আমি ম্যাচের ফলের দিকে খুব বেশি দৃষ্টি দিতে চাই না। লক্ষ্য ছিল উন্নতি করার। আমি মনে করি ফলটুকু বাদ দিলে উন্নতির লক্ষ্য পূরণ হয়েছে। ম্যাচজুড়ে দুর্দান্ত ডিফেন্ডিং করেছে ছেলেরা। বক্সে, বক্সের বাইরে, সেট পিসে শীর্ষ পর্যায়ের ডিফেন্ডিং হয়েছে। উপরের দিকে আমাদের সমন্বয়ের সমস্যা ছিল। আক্রমণের সময় ওই জায়গাগুলোতে আরও ভালো করতে পারতাম আমরা।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ইতিবাচক পারফরম্যান্স দেখে কাবরেরার পরের মন্তব্য, ‘তারা শারীরিকভাবে শক্তিশালী দল, তবে আমি দলের পারফরম্যান্সে খুশি। বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৪তম এবং বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে আমাদের শক্তি, মানসিকতা, সবকিছু ইতিবাচক ছিল।’








