একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিনে ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষে কয়েক সপ্তাহ আগে ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে স্পেনের রাইট উইঙ্গার মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন পেলেকে পেছনে ফেলে। সবচেয়ে অল্প বয়সে ইউরোতে গোল করার কীর্তিও গড়েছেন ওই ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলতে নামলে ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬৬ বছরের রেকর্ড ভাঙবেন ইয়ামাল। কিন্তু ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে তাকে আর মাঠে রাখতে পারবেন না লুইস দে লা ফুয়েন্তে। আয়োজক জার্মানির শ্রম আইনের কারণে এই সমস্যায় পড়বে স্পেন।
এবারের ইউরো স্মরণীয় করে রাখলেন ইয়ামাল। শনিবার ১৭ বছর পূর্ণ হলো তার। তবে জন্মদিন উদযাপন করতে চান শিরোপা জিতে। স্পেনকে ফাইনালে তুলতে তিনি সামনে থেকে অবদান রেখেছেন। অভিষেক ইউরোতে একটি গোল ও তিনটি অ্যাসিস্টে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের দৌড়ে এগিয়ে আছেন। এবার শিরোপার লড়াইয়ে তার কাছ থেকে আরেকটি অনবদ্য পারফরম্যান্স দেখার অপেক্ষায় ভক্তরা।
তবে ইয়ামালকে পুরো ম্যাচে পেতে চাইলে নির্ধারিত ৯০ মিনিটেই ফল বের করতে হবে স্পেনকে। কারণ জার্মানিতে কোনও নাবালকের রাত ৮টার পর শ্রমসাধ্য কোনও কাজ করা নিষিদ্ধ। তবে খেলোয়াড়দের জন্য তা একটু শিথিল করে রাত ১১টা পর্যন্ত সীমাবদ্ধ। রবিবার ফাইনাল শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। সেক্ষেত্রে স্বাভাবিক সময়ে ফল না বের হলে অতিরিক্ত সময় শুরু হবে রাত ১১টায়। এমনকি ম্যাচ টাইব্রেকারে গেলে সেখানেও খেলতে পারবেন না ইয়ামাল। তবে ৩০ হাজার ইউরো জরিমানা দিয়ে তাকে নিষিদ্ধ সময়ে খেলাতে পারে স্পেন।









